বাংলায় কর্মসূচি কাটছাঁট করেই দিল্লি ছুটলেন রাহুল, সিদ্ধান্ত ঘিরে ধোঁয়াশা
Bharat Jodo Nyay Yatra: শুরু হওয়ার আগেই বাংলায় শেষ হয়ে গেল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা! কর্মসূচি কাটছাঁট করেই ফিরলেন দিল্লিতে। সকাল থেকেই বাংলায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) কর্মসূচি ঘিরে কার্যত চাঙ্গা ছিল কংগ্রেস নেতা-কর্মীরা। কিন্তু হঠাত কেন সফরে কাটছাঁট করে কেন দিল্লি ফিরতে হল তাঁকে তা এখনও জানা যায়নি।
তবে একাধিক জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে কংগ্রেসের (Congress) সঙ্গে জোট নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় তৃণমূল একাই লড়বে। এমনকি আসন সমঝোতা নিয়ে কোনও কথা হয়নি বলেও মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো।

আর এহেন মন্তব্যের পরেই জোটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর এই বিতর্কের মধ্যেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও সে রাজ্যের কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা করবেন না বলে জানান। পাঞ্জাবের ১৩ টি আসনে একা লড়াই সিদ্ধান্ত নিয়েছে আপ। এমনকি জোটে নীতীশ কুমারের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে।
আর এই বিতর্কের মধ্যেই আজ বাংলায় প্রবেশ করে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra) । অসম-বাংলা সীমান্তে বক্সীর হাট দিয়ে রাজ্যে প্রবেশ করে সেই মিছিল। সেখানে তাঁকে স্বাগত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।
সেখানে রাস্তার ধারে একটি চায়ের দোকানে বসে কার্যত কিছুটা জনসংযোগ সেরে নেন রাহুল। অন্যান্য কর্মীদের সঙ্গে করেন চা পান। এরপরেই সীমান্ত এলাকাতেই বক্তব্য রেখে এদিনের মতো কর্মসূচি শুরু করেন রাহুল গান্ধী।
যাত্রা শুরু করেন ফালাকাটার দিকে। সেখানে সভা করার কথা ছিল সোনিয়াপুত্রের। কিন্ত্যু সেখানে পৌঁছানোর আগেই সফর সূচিতে রদবদল হয়। দ্রুত দিল্লি ফেরার সিদ্ধান্ত নেন রাহুল। বাগডোগরা বিমানবন্দর হয়ে এদিনই রাজধানী ফিরছেন তিনি।
সূত্রে দাবি, আগামীকাল প্রজাতন্ত্র দিবস রয়েছে। কংগ্রেসের তরফে একাধিক কর্মসূচি রয়েছে। সেই সমস্ত কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে রাহুল গান্ধীর। এমনকি ২৭ তারিখ দলের গুরুত্বপূর্ণ একটি বৈঠক আছে বলে খবর। সেই বৈঠকেও উপস্থিত থাকবেন তিনি।
#WATCH | Cooch Behar | Assam Congress chief Bhupen Kumar Borah hands over the tricolour to West Bengal Congress chief Adhir Ranjan Chowdhury as the party's Bharat Jodo Nyay Yatra enters West Bengal. pic.twitter.com/c4XPjzKS11
— ANI (@ANI) January 25, 2024
যেখানে জোট নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর এই বৈঠকের জন্যেই বাংলার সফর কাটছাঁট বলে দাবি প্রদেশ নেতৃত্বের। তবে আগামী ২৮ ফেব্রুয়ারি ফের রাহুল গান্ধী বাংলায় আসছেন। এবং ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফের যাত্রা শুরু করবেন বলে দাবি করা হয়েছে। এদিন কোচবিহারে রাহুলের ভারত এসে পৌঁছানোর পর দেখা যায় রাস্তার দু'ধারে কংগ্রেস সাংসদ কে দেখতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ।












Click it and Unblock the Notifications