বিধানসভা নয়, রাহুলের টার্গেট ২০১৯! ত্রিপুরায় কংগ্রেস সভাপতির প্রচার নিয়ে সরব বিজেপি
ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে সিপিএম নয়, বিজেপিকেই চড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বললেন বিজেপির মতো তাঁর দল মিথ্যা প্রতিশ্রুতি দেয় না।
ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে সিপিএম নয়, বিজেপিকেই চড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বললেন বিজেপির মতো তাঁর দল মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। একইসঙ্গে তাঁর অভিযোগ, বিজেপি কিংবা সিপিএম, কারোরই উন্নয়নের প্রতি নজর নেই।

প্রচারের একেবারে শেষ দিনে কংগ্রেস সভাপতি ত্রিপুরায় দলের জন্য নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। সেখানে তিনি বলেন, কংগ্রেস যেটা করতে পারে সেটারই প্রতিশ্রুতি দেয়। কোনও মিথ্যা প্রতিশ্রুতি কংগ্রেস দেয় না বলে দাবি করেন রাহুল গান্ধী।
রাজ্যে ভোট প্রচারের বিজেপি ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে এমজিএনআরইজিএ প্রকল্পে ৩৪০ টাকা করে মজুরি দেওয়া হবে। কিন্তু ক্ষমতায় থাকা অসমে মজুরি ১৮৪ টাকার বেশি নয়। এই অভিযোগও করেন রাহুল গান্ধী। ক্ষমতা আসলে ত্রিপুরার সরকারিকর্মীদের জন্য সপ্তম বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা হবে বলে আশ্বাস দিয়েছে বিজেপি। আগেরটির মতো এই বিষয়টিও অসমে কার্যকর করা হয়নি বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী।
ত্রিপুরায় প্রচারে রাফায়েল চুক্তি নিয়েও নরেন্দ্র মোদী সরকারের সমালোচনা করেন রাহুল গান্ধী।
রাহুলের ভাষণের মূল লক্ষ্য ছিল বিজেপি এবং নরেন্দ্র মোদী। সিপিএমের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও, ততটা ঝাঁঝ ছিল না রাহুলের ভাষণে। ২০১৯-এর লোকসভা নির্বাচনকে টার্গেট করেই প্রদেশ নেতৃত্বে এবং সমর্থকদের এগিয়ে যাওয়ার পরামর্শ দেন রাহুল। সব মিলিয়ে মিনিট পনেরোর ভাষণ দেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
বামেদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রাহুল গান্ধীর অভিযোগ, বাম শাসনে ত্রিপুরা পিছিয়ে গিয়েছে। রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে বলেও অভিযোগ করেছেন রাহুল গান্ধী। রাজ্যে আত্মহত্যা এবং মহিলাদের বিরুদ্ধে অপরাধ বৃদ্ধি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাহুল।
রাজ্য বিজেপি-র অভিযোগ ভোট কেটে সিপিএমকে সুবিধা করে দিতেই একেবারে শেষ মুহূর্তে ত্রিপুরায় ভোট প্রচারে গিয়েছিলেন রাহুল। কংগ্রেসের কাটা ভোটে সিপিএম-এরই সুবিধা হবে বলে বেশ কিছু জায়গায় আতঙ্কে রয়েছে বিজেপি।












Click it and Unblock the Notifications