Rahul Gandhi in Lok Sabha: মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছেন, মোদীকে দেশদ্রোহী তোপ রাহুলের
মণিপুরে ভারত মাতাকে হত্যা করা হয়েছে। লোকসভায় দাঁড়িয়ে সরাসরি নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন রাহুল গান্ধী। মণিপুর প্রসঙ্গে উত্থাপন করে তিনি বলেন, মণিপুরে ভারত মাতাকে খুন করা হয়েছে। তাঁর সাফ কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশপ্রেমিক নন, তিনি দেশদ্রোহী। তাই তিনি মণিপুরকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন।
রাহুল গান্ধী মণিপুরের চলমান অস্থিরতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি বলেন, মণিপুরে শতাধিক মানুষ প্রাণ দিয়েছেন, তার জন্য কে দায়ী! মণিপুরে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ভারতকে হত্যা করেছে। ভারত মাতাকে হত্যা করা হয়ছে মণিপুরে।

বুধবার মণিপুর ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের বিতর্ক চলাকালীন লোকসভার কংগ্রেস সদস্য রাহুল গান্ধীর করা এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায় হাউসে। ব্যাপক হৈচৈ শুরু করে দেন বিজেপি তথা এনডিএ সদস্যরা। তাঁরা এই মন্তব্যের জন্য রাহুল গান্ধীর ক্ষমা চাওয়ার দাবি জানান।
রাহুল গান্ধী এদিন একের পর এক বাক্যবাণে প্রধানমন্ত্রীকে দিকে তির ছুড়ে দেন। তিনি বলেন, কেন প্রধানমন্ত্রী এখনও মণিপুর সফর করেননি। মণিপুরে চলমান অশান্তিতে এখন পর্যন্ত শতাধিক প্রাণ চলে গিয়েছে। মহিলারা সব হারিয়েছেন। তাঁদের কাছে চোখের জল ছাড়া কিছু নেই। কেন এখনও চুপ আমাদের প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধী বলেন, ভারত একটি কণ্ঠস্বর, একটি আওয়াজ। মানুষের হৃদয়ের আওয়াজের নাম ভারত। আপনি মণিপুরে সেই ভারতকে হত্যা করেছেন। মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছেন। আপনি বিশ্বাসঘাতক। আমার মা এখানে বসে আছেন। আমার আর এক মা ভারতমাতা। আপনি তাঁকে মণিপুরে হত্যা করেছেন।
এরপর তিনি প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী কেন মণিপুর সফরে যাননি আজও। আপনি ভারতমাতার রক্ষক নন। আপনি তাঁর হত্যাকারী। প্রধানমন্ত্রী মমিপুরে যায়নি। কারণ তিনি মণিপুরকে ভারতের অংশ বলে মনে করেন না। আপনি মণিপুরকে বিভাজিত করে দিয়েছেন। মণিপুর আজ দ্বিখণ্ডিত।
রাহুল গান্ধী এদিন ভাষণ শুরু করেন তাঁর ভারজ জোড়ো যাত্রা দিয়ে। তিনি তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত ভারত জোড়ো যাত্রা করেছিলেন। সেই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন এখনও ভারজ জোড়ো যাত্রা শেষ হয়নি। তাই মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দিতে পেরেছেন প্রধানমন্ত্রী।
রাহুল গান্ধী বলেন, মণিপুরের কথা প্রধানমন্ত্রী ভাবছেন না। মণিপুর জ্বলছে, প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে মৌন রয়েছেন। এখন অনেক কাজ রয়েছে, ভারত মাতাকে রক্ষা করতে হবে, ভারত জোড়োর কাজ চালিয়ে যেতে হবে। উল্লেখ্য, রাহুল গান্ধী ফের ভারত জোড়ো যাত্রা শুরু করবেন। এবার পশ্চিম ভারতের গুজরাত থেকে উত্তর-পূর্বের মেঘালয় পর্যন্ত ভারত জুড়তে শুরু করবেন ভারত পরিক্রমা।












Click it and Unblock the Notifications