নির্বাচন কমিশনের নোটিশের উত্তর দিতে আরও এক সপ্তাহ সময় চাইলেন রাহুল

২৩ অক্টোবর রাজস্থানের চুরু ও ২৪ অক্টোবর মধ্যপ্রদেশের ইন্দোরে রাহুল গান্ধীর বক্তৃতায় সাধারণ আচরণ বিধি লঙ্ঘিত হওয়ায় তাঁর বিরুদ্ধে একটি নোটিশ জারি করা হয়। নোটিশ অনুযায়ী কেন সাধারণ আচরণ বিধি লঙ্ঘনের পরও তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না সে বিষয়ে সোমবারের মধ্যে বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছিল কংগ্রেসের উপাধ্যক্ষকে। ওই নোটিশে এটাও বলা হয়েছিল যে, যদি নির্ধারিত সময়ের মধ্যে রাহুল গান্ধী কোনও জবাব না দেন, তাহলে ধরে নেওয়া হবে নির্বাচন কমিশনকে জানানোর মতো কোনও কিছুই তার নেই। এবং সেই অনুযায়ী কমিশন যথাযথ পদক্ষেপ নেবে।
এই বিষয়ে কমিশনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছিল বিজেপি। তারা কমিশনের কাছে জানিয়েছিল উত্তর প্রদেশের মুজাফ্ফরনগরে দাঙ্গার জন্য বিজেপি মিথ্যাভাবে দায়ী করছেন রাহুল গান্ধী। একইসঙ্গে তাঁর বক্তব্যে নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সাধারণ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে বলেও অভিযোগ জানিয়েছিল বিজেপি।
নির্বাচন কমিশনের সেই নোটিশের জবাব দেওয়ার শেষ দিন ছিল সোমবার। যদিও সোমবারের মধ্যে নোটিশের উত্তরে লিখিতভাবে কিছুই জানাননি রাহুল। উল্টে নোটিশে উল্লিখিত ধার্য সময়সীমা শেষ হওয়ার মুখে উত্তর দেওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় চাইলেন রাহুল। কিন্তু সেই সময় মিলবে কি না তা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম খবর নিশ্চিতভাবে জানা যায়নি। কমিশনের নোটিশের উত্তর না দেওযায় বিপদে পড়বেন না কি, এই প্রসঙ্গে কমিশনের শাস্তির মুখে কংগ্রেস উপাধ্যক্ষকে পড়তে হবে তাই দেখার।












Click it and Unblock the Notifications