জম্মুতে রাহুল গান্ধীর সভায় ক্ষোভে ফাটলেন পঞ্চায়েত প্রধান

বুধবার মঞ্চে বক্তৃতা দিতে উঠে রাহুল মন্তব্য করেন গ্রাম প্রধান, পঞ্চায়েত প্রধানদের ক্ষমতায়ণ নিয়ে। ঠিক তখনই দর্শকাসন থেকে উঠে রাহুল গান্ধীর কথা কেটে চেঁচামিচি শুরু করেন এই রামগড়ের পঞ্চায়েত প্রধান পরীক্ষিত সিং। তিনি রাহুলকে বলেন, ''আমরা আপনার সঙ্গে আছি। কিন্তু আমাদের দাবী রাজ্য সরকার আমাদের অধিকার দিক। যবে থেকে আমরা নির্বাচিত হয়ে এসেছি তার পর তিন বছর ধরেই আমরা ক্ষমতায় আসার কথা শুনছি। কিন্তু পাইনি কিছুই। সবকিছুই ভুয়া। আমাদের কথা কেউ শুনতে চায় না।'' এই বলেই রাহুল গান্ধীর উপর চিৎকার শুরু করেন ওই ব্যক্তি।
বক্তৃতার মাঝে পরিস্থিতি বুঝতে সামান্য কিছুক্ষণের জন্য চুপ করে যান কংগ্রেস উপাধ্যক্ষ। পরমুহূর্তেই পঞ্চায়েত প্রধানের প্রশ্নের উত্তরে রাহুল বলেন, "কথা না শোনার হলে এখানে আসতাম না। আপনাদের কথা শুনতেই এখানে এসেছি। রাজ্য সরকারের উপর চাপ তৈরি করতে হবে। আমরা আপনাদের সঙ্গে আছি।''
পরে অবশ্য নিজের এই ক্ষোভের কারণ ব্যক্ত করেছেন পরীক্ষিত সিং। তাঁর কথায়, পঞ্চায়েত প্রধানদের মধ্যে অনেকেই দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন। বিধায়করা ৫০ জন নিরাপত্তা বাহিনি পেলেও কোনও পঞ্চায়েত প্রধান কোনও নিরাপত্তা পান না। প্রায় তিন দশকের ব্যবধানে তিন বছর পর জঙ্গি অধ্যুষিত এই রাজ্যে ঐতিহাসিক পঞ্চায়েত নির্বাচনে মানুষের দ্বারা নির্বাচিত হয়েছিলেন এই পঞ্চায়েত প্রধান, গ্রাম প্রধানেরা। কিন্তু তাও নিজেদের অধিকার ও নিরাপত্তার জন্য এখনও লড়াই করতে হচ্ছে তাদের।
সব কথা শুনে রাহুল গান্ধী আশ্বাস দিয়েছেন, স্থানীয় নেতাদের ভবিষ্যৎ নিরাপদ করাটা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাদের প্রাপ্যটুকু তারা না পাওয়া পর্যন্ত রাহুল জম্মুতে এসে তাঁদের স্বার্থে লড়বেন বলেও আশ্বাস দিয়েছেন।












Click it and Unblock the Notifications