তিন লক্ষ বনাম দুই কোটি! দিল্লি সীমান্তে কৃষি আন্দোলনের মাঝেই তুঙ্গে 'স্বাক্ষর রাজনীতি'
কৃষি আইনের বিরোধিতায় আজও আন্দোলন জারি রেখেছেন কৃষকরা। তবে এরই মধ্যে আন্দোলনরত কৃষকদের চাপে ফেলতে কেন্দ্রীয় সরকার বৈঠক করে চলেছে কৃষি আইনের সমর্থন করা কৃষক সংগঠনগুলির সঙ্গে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় কৃষি মন্ত্রী নরেন্দ্র সিং তোমর বলেছিলেন তাঁর কাছে আইনের সমর্থনে দেওয়া ৩ লক্ষ কৃষকের স্বাক্ষর রয়েছে। এরই পাল্টা হিসেবে এবার কৃষি আইনের বিরোধিতায় ২ কোটি স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী।

বিক্ষোভের নেতৃত্বে রাহুল গান্ধী
ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের সঙ্গে দেখা করার আগে তিনি ওই তিন আইনের বিরুদ্ধে একটি বিক্ষোভের নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে। তবে কোভিড প্রোটকলের জেরে সেই মিছিলকে বেশি দূর এগোতে দেওয়া হবে না বলে জানিয়েছে দিল্লি পুলিশ। রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারবেন শুধুমাত্র রাহুল গান্ধী, অধীর চৌধুরী এবং গুলাম নবি আজাদ।

দুই কোটি স্বাক্ষর সংগ্রহ করেছে কংগ্রেস
এর আগে, বিতর্কিত ওই তিন কৃষি আইনের বিরুদ্ধে প্রচারণার অংশ হিসেবে রাহুল গান্ধী পাঞ্জাব এবং হরিয়ানায় ট্র্যাক্টর সমাবেশ করেছিলেন। আইন বাতিল করতে কৃষক, শ্রমিক এবং সমাজের অন্যান্য স্তরের মানুষদের থেকে দুই কোটি স্বাক্ষর সংগ্রহ করেছে কংগ্রেস। সেই স্বাক্ষর রাষ্ট্রপতিকে জমা দিয়ে কংগ্রেস এই ইস্যুতে তাঁর হস্তক্ষেপের দাবি জানায়।

কেন্দ্রের কৃষি আইনে সমর্থনে মিছিল
এদিকে উত্তরপ্রদেশের 'কিষাণ সেনা' নামে একটি সংগঠন কেন্দ্রের কৃষি আইনে সমর্থন জানিয়ে দিল্লি পদযাত্রার ডাক দিয়েছে। দাবি, ২০ হাজার কৃষক এই মিছিলে শামিল হবেন। কৃষিমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এই সংগঠনের প্রতিনিধিরা। কৃষক সেনাকে বৃহস্পতিবার এই মিছিল করতে দেওয়া না হলে, পরিস্থিতি অনুযায়ী তাঁরা সিদ্ধান্ত নেবেন। তবে, তাঁরা দিল্লিতে যাবেন।

উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা থেকে আসছেন এই কৃষকরা
কৃষক সংগঠন 'কিষাণ সেনা'র তরফে এদিন জানানো হয়েছে, উত্তরপ্রদেশের পশ্চিম অঞ্চল থেকে একটি পদযাত্রা বেরোবে। রাজ্যের ব্রজ এলাকা হিসেবে পরিচিত মথুরা, আগ্রা, ফিরোজাবাদ, হাথরস থেকে দলে দলে কৃষকরা এই পদযাত্রায় শামিল হবেন। মেরঠ ও মুজফ্ফরনগর থেকেও কৃষকরা এই মিছিলে যোগ দেবেন বলে সংগঠনের তরফে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications