দিল্লিতে হাই প্রোফাইল বৈঠক! তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণার পথে কংগ্রেস
মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ সেরে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে জয় পেয়েছে কংগ্রেস। সরকার গড়তে চলেছে। কে মুখ্যমন্ত্রী হবেন তা এখনও পরিষ্কার নয়। তবে মুখ্যমন্ত্রী বাছাইয়ের কাজ সেরে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। দিল্লিতে রাহুল গান্ধীর নির্দেশে পৌঁছে গিয়েছেন তিন রাজ্যের সম্ভাব্য মুখ্যমন্ত্রী পদপ্রার্থীরা। মোট ছয়জনের মধ্যে থেকে তিনজনকে তিনটি রাজ্যের জন্য রাহুল বেছে নেবেন।

রাজস্থানে সংখ্যাগরিষ্ঠতা থেকে কংগ্রেস একহাত দূরে দাঁড়িয়ে গেলেও সেখানে সরকার গড়ছে তাঁরাই। সচিন পাইলট অথবা অশোক গেহলটের মধ্যে কেউ একজন মুখ্যমন্ত্রী হতে চলেছেন। এরাজ্যে কংগ্রেস ৯৯টি আসন পেয়েছে। বিজেপি পেয়েছে ৭৩টি।
এদিন রাহুল মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বাছতে অডিও কলের ব্যবস্থা করেন। কর্মী-সমর্থকদের মনের কথা রাহুল অনুধাবন করার চেষ্টা করেন। সকলের মত নিয়েই মুখ্যমন্ত্রী বাছা হবে এই ভাবনা থেকেই রাহুল এমনটা করেছেন।
ছত্তিশগড়ে কংগ্রেসের দুই বড় নেতা প্রদেশ সভাপতি ভূপেশ বাঘেল ও টিএস সিংদেও-এর মধ্যে থেকে কেউ একজন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবেন। এঁরা ছাড়াও টি সাহু ও চরণদাস মহন্ত-ও রয়েছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে। তবে মনে করা হচ্ছে প্রথম দুজনের মধ্য থেকেই কাউকে বাছা হবে।
মধ্যপ্রদেশে কংগ্রেসের যুব রক্ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও সিনিয়র নেতা কমল নাথের মধ্যে থেকে কাউকে মুখ্যমন্ত্রী বেছে নেওয়া হবে। তবে শেষ অবধি সিদ্ধান্ত রাহুলের হাতে। এদিন বিকেলের মধ্যে কংগ্রেস সিদ্ধান্ত জানিয়ে দেবে বলে সূত্রের খবর।












Click it and Unblock the Notifications