রাহুল গান্ধী 'সং' আর তাই দলের এই অবস্থা, বললেন কেরলের কংগ্রেস নেতা

টি এইচ মোস্তাফা কেরলের রাজনীতিতে পরিচিত মুখ। কংগ্রেসের টিকিটে পাঁচবার বিধায়ক হয়েছেন। ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত কে করুণাকরণের মন্ত্রীসভায় মন্ত্রী ছিলেন। লোকসভা ভোটে দলের ভরাডুবি নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল এদিন। জবাবে তিনি বলেন, "রাহুল গান্ধী সঙের মতো আচরণ করেছেন। তাই লোকসভা নির্বাচনে কংগ্রেস বিপর্যস্ত হয়েছে। প্রধানমন্ত্রীর ভূমিকা শিশুসুলভ হওয়া উচিত নয়। মানুষ বুঝতে পেরেছে বলেই কংগ্রেসকে এমন শিক্ষা দিয়েছে। রাহুল গান্ধী কম্পিউটার আর ইন্টারনেট নিয়ে কাজ করেন আর তাঁকে ঘিরে থাকে দলের ওয়ার্কিং কমিটির কিছু নেতা। উনি যা করেন, এঁরা তাতেই প্রশংসা করেন। এ কে অ্যান্টনির মতো বর্ষীয়ান লোকও এই মোসাহেবদের দলে আছেন।"
তা হলে এ থেকে কংগ্রেসের মুক্তির উপায় কী? টি এইচ মোস্তাফার জবাব, "খুবই সোজা। রাহুল গান্ধীর উচিত এক্ষুণি পদত্যাগ করা। নিজের ইচ্ছায় না সরলে জোর করে সরিয়ে দিতে হবে। দলের ভার তুলে দেওয়া উচিত প্রিয়াঙ্কা গান্ধীর হাতে।"
দলীয় নেতার এমন চাঁছাছোলা মন্তব্যে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানায়নি কংগ্রেস। পদ ধরে রাখতে অনেকেই সামনে কিছু না বললেও ভিতরে ভিতরে রাহুল গান্ধীর অপসারণ চাইছেন বলে খবর।
প্রসঙ্গত, লোকসভা ভোটের ঠিক পরেই দলের বিপর্যয় নিতে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন কংগ্রেস নেতারা। রাহুল গান্ধী সরতে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত দলের সব বড় বড় নেতাই রাহুলের পাশে দাঁড়ান। বলা হয়, এই বিপর্যয় সামগ্রিক বিপর্যয়। তাই একজনের ঘাড়ে দায় চাপানো উচিত নয়।












Click it and Unblock the Notifications