গুজরাতে গরুর গাড়িতে রোড শো রাহুল গান্ধীর, আর কী কী করবেন তিনি
গুজরাতে প্রচারে উপস্থিত হয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তিনদিনের গুজরাত সফরে দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি গুজরাতে বিজেপি বিরোধী শক্তিকেও একজোট করার চেষ্টা করবেন রাহুল।
শিয়রেই বিধানসভা নির্বাচন। আর তা মাথায় রেখেই নবরাত্রির উৎসবের মধ্যেই গুজরাতে প্রচারে উপস্থিত হয়েছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তিনদিনের গুজরাত সফরে দলের ভাবমূর্তি পুনরুদ্ধারের পাশাপাশি গুজরাতে বিজেপি বিরোধী শক্তিকেও একজোট করার চেষ্টা করবেন রাহুল। বিভিন্ন বিধানসভা এলাকা ঘুরে দেখার পাশাপাশি রাহুলের প্রচারে কিছু চমকও রয়েছে।

প্রচারে রাহুল
গুজরাতে তিনদিনের প্রচারে গিয়ে সৌরাষ্ট্র থেকে নিজের প্রচার অভিযান শুরু করছেন রাহুল গান্ধী। ১৮২ আসনের গুজরাত বিধানসভায় কংগ্রেসের যত বিধায়ক রয়েছেন তাঁদের এক তৃতীয়াংশই এই সৌরাষ্ট্র অঞ্চল থেকে নির্বাচিত।

দ্বারকা থেকে শুরু
দ্বারকা থেকে প্রচার শুরু করছেন রাহুল গান্ধী। সেখান থেকে জামনগরে যাবেন। সেখানে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গেও দেখা করবেন। ছোট ছোট সভা করে জনতার সঙ্গে কথা বলবেন তিনি।

গরুর গাড়িতে প্রচার
দ্বারকা থেকে জামনগরের মধ্যবর্তী ১৩৫ কিলোমিটার পথ খোলা জিপে ঘোরার অনুমতি না মেলায় লাক্সারি বাসে করে রাহুল ঘুরবেন। পাশাপাশি দ্বারকা থেকে হাজরাপার পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তা গরুর গাড়িতে চেপে ঘুরবেন তিনি।

বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা
রাতে জামনগরে থেকে পরের দিন রাজকোটে যাবেন রাহুল গান্ধী। পথে যেতে যেতেই ধ্রোল ও তানকারার মতো জায়গা ঘুরে দেখবেন তিনি। রাজকোটে রাহুলের আসার তাৎপর্য রয়েছে। এই এলাকা মুখ্যমন্ত্রী বিজয় রূপানির কেন্দ্র। হাজরাপারে আহির গোষ্ঠীর নেতাদের সঙ্গে দেখা করার পরে রাজকোটে পতিদার গোষ্ঠীর সঙ্গেও দেখা করবেন রাহুল গান্ধী।

জোরদার প্রচার
সফরের শেষদিনে সুরেন্দ্রনগরে পৌঁছবেন রাহুল গান্ধী। সেখান থেকে সবশেষে খোদালধাম হয়ে প্রচার শেষ করবেন তিনি। গুজরাতে বিজেপি বিরোধী অসন্তোষকে কাজে লাগিয়ে কংগ্রেস সহ সভাপতি দলের পালে হাওয়া জোরদার করতে পারেন কিনা সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications