Rahul Gandhi: কংগ্রেসের সমালোচনা, মোদীর প্রশংসা! লোকসভায় এ কোন কথা রাহুল গান্ধীর মুখে?
Rahul Gandhi: লোকসভায় বেকারত্ব (Unemployment) নিয়ে বলতে গিয়ে কংগ্রেস (Congress) নেতৃত্বাধীন প্রাক্তন ইউপিএ সরকারেরও (UPA govt) সমালোচনা করলেন রাহুল গান্ধী। দেশে কর্মসংস্থানের অভাব নিয়ে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকারকে আক্রমণ শানাতে গিয়ে রাহুল সরব হলেন কংগ্রেস জমানা নিয়েও। আর তাই বিরোধিতার মাঝেও কংগ্রেস নেতার ভাষণ এদিন প্রশংসাও কুড়োল সংসদে।
মোদীর 'মেক ইন ইন্ডিয়া' প্রকল্পের প্রশংসাও করলেন রাহুল। কর্মসংস্থান প্রসঙ্গে লোকসভায় বলতে গিয়ে রাহুল গান্ধী এদিন বলেন, "উৎপাদন শিল্পের শেয়ার ২০১৪-তে ১৫.৩ শতাংশ থেকে ১২.৬ শতাংশে নেমে এসেছে। গত ৬০ বছরে যা সর্বনিম্ন।"

নরেন্দ্র মোদীকে (Narendra Modi) উদ্দেশ্য করে রাহুল বলেন, "আমি প্রধানমন্ত্রীকে দোষারোপ করতে চাই না। উনি চেষ্টা করেননি এটা বলা ভুল হবে। মেক ইন ইন্ডিয়া ভালো প্রকল্প ছিল। কিন্তু মোদী তা রূপায়ণে ব্যর্থ হয়েছেন।"
রাহুল আরও বলেন, "আমরা এগিয়ে গেলেও কর্মসংস্থানের সমস্যা আজীবন রয়ে গিয়েছে। আগের ইউপিএ সরকারের দ্বারাও হয়নি, এবারের এনডিএ সরকারও দেশের যুব সম্প্রদায়কে বেকারত্ব নিয়ে প্রশ্নের জবাব দিতে পারছে না। ভালো ভালো সংস্থা উৎপাদন বাড়াতে চাইলেও পারছে না।" এরপরই কেন্দ্রকে নানা ইস্যুতে কটাক্ষ করতে শুরু করেন রাহুল।
রাহুলের কথায়, ভারতের উৎপাদন শিল্প এখন চিনের কাছে হস্তান্তর করা হয়েছে। লোকসভার বিরোধী দলনেতা বলেন, "আমরা নিজেদের দেশে উৎপাদন শিল্প সংগঠিত করতে ব্যর্থ হয়েছি। বরং চিনের কাছে তা সঁপে দিয়েছি। এখনের ফোন মেড ইন ইন্ডিয়া নয়। শুধু ভারতে ফোন জোড়া হয়েছে। বাকি সব যন্ত্রাংশই চিনে তৈরি। বাংলাদেশি বস্ত্র পরে ওদের কর প্রদান করি আমরা।"
ভারত-চিন সীমান্ত নিয়েও সংসদে কেন্দ্রকে নিশানা করলেন রাহুল। তাঁর দাবি, ভারতের ভূখণ্ডের ৪ হাজার স্কোয়ার কিলোমিটার এলাকা দখল করে বসে আছে চিন। যদিও রাহুলের এই মন্তব্যের পরই শাসকপক্ষ থেকে বিরোধিতা ধেয়ে আসে। কংগ্রেস নেতা মিথ্যে ছড়াচ্ছেন বলে রাহুলের পাল্টা সরব হন সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রাহুলকে তাঁর বয়ানের ভিত্তিতে প্রমাণ হাজির করারও নির্দেশ দেন লোকসভার স্পিকার ওম বিড়লা।












Click it and Unblock the Notifications