জন্ম সূত্রে ওবিসি নন! প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ নিয়ে সরব রাহুল গান্ধী
ভারত জোড়ো ন্যায় যাত্রায় ব্যস্ত ওয়ানাড়ের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তিনি রয়েছেন ওড়িশায়। এদিন ওড়িশার ঝাড়সুগুদায় রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের জাত নিয়ে মিথ্যা করা বলেছেন। তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জেনারেল কাস্টের অন্তর্ভুক্ত, তিনি অনগ্রসর শ্রেণিভুক্ত নন বলে দাবি করেছেন রাহুল গান্ধী। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদী নিজেকে ওবিসি বলে দাবি করে থাকেন।
রাহুল গান্ধী দাবি করেছেন, প্রধানমন্ত্রী মোদী জন্মগতভাবে অনগ্রসর শ্রেণিভুক্ত নন। তিনি গুজরাতের তেলি জাতিতে জন্মগ্রহণ করেছিলেন। দু'হাজার সালে বিজেপি এই সম্প্রদায়কে ওবিসি ভুক্ত করে। সেই অর্থে প্রধানমন্ত্রী সাধারণ জাতির ভুক্ত। সেই কারণে প্রধানমন্ত্রী নিজের জীবনে জাত শুমারি করতে দেবেন না। এদিন ওড়িশা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা ছত্তিশগড়ে প্রবেশ করে।

রাহুল গান্ধী বলেছেন, যখনই বিজেপি কর্মীরা কারও কাছে যান, তাঁদের একটি কথা বলতে হবে, দেশের প্রধানমন্ত্রী সারা দেশের কাছে বলছেন যে তিনি অনগ্রসর শ্রেণির। কিন্তু তিনি অনগ্রসর শ্রেণিতে জন্মগ্রহণ করেননি, তিনি জেনারেল কাস্টের অন্তর্ভুক্ত। প্রধানমন্ত্রী মোদী সংসদে নিজেকে সবসে বড় ওবিসি বলার পরে রাহুল গান্ধী এই মন্তব্য করলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কংগ্রেসের বিরুদ্ধে ভণ্ডামী এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আচরণের ক্ষেত্রে দ্বিচারিতার অভিযোগ করেছিলেন। সোমবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ওপরে ধন্যবাদ প্রস্তাবের জবাবে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, কংগ্রেস দল ও ইউপিএ সরকার ওবিসিদের সঙ্গে ন্যায়বিচার করতে পারেনি। তিনি উল্লেখ করেন, কয়েকদিন আগে কর্পুরী ঠাকুরকে ভারতরত্ন দেওয়া হয়। ১৯৭০ সালে তিনি যখন বিহারের মুখ্যমন্ত্রী হন, তখন তাঁর সরকারকে অস্থিতিশীল করার জন্য কী না করা হয়নি, বলেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন. কংগ্রেস ওবিসিদের সহ্য করতে পারে না। তারা গণনা করতে থাকে সরকারে কত ওবিসি রয়েছে। নিজের দিকে ইঙ্গিত করে তিনি বলেছিলেন, এখানে সব থেকে বড় ওবিসি দেখতে পাচ্ছে না কংগ্রেস।
২০২৩-এর নভেম্বরে ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনে কংগ্রেস বিজেপির কাছে হেরে যায়। তারপর থেকে এটিই রাহুল গান্ধীর প্রথম সফর। দু'দিন রাজ্যে এই যাত্রা রায়গড়, শক্তি ও কোরবার মধ্যে দিয়ে যাবে। রাহুল গান্ধী ১৪ জানুয়ারি মণিপুর থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেছে। ১৪ ফেব্রুয়ারি এই যাত্রা বরলামপুর থেকে ঝড়খণ্ডে প্রবেশ করবে।












Click it and Unblock the Notifications