Gautam Adani: “দুর্নীতিতে জড়িত মোদীও, তাই আদানিকে সুরক্ষা দিচ্ছেন,” শিল্পপতির গ্রেফতারি দাবি রাহুল গান্ধীর
Gautam Adani: আদানি ইস্যুতে এবার সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। নরেন্দ্র মোদীকে অলআউট আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা (LoP)। আদানির সঙ্গে দুর্নীতিতে নরেন্দ্র মোদীও জড়িত বলে অভিযোগ রাহুলের। মার্কিন আদালতের তরফে ফৌজদারি ও দেওয়ানি অভিযোগের ভিত্তিতে গৌতম আদানিকে অবিলম্বে গ্রেফতারের দাবিও তুললেন রাহুল।
আমেরিকার অভিযোগ, সোলার এনার্জি সাপ্লাইয়ের কন্ট্র্যাক্ট পেতে ভারত সরকারের শীর্ষকর্তাদের ২৬.৫ কোটি ডলার ঘুষ (Bribery) দিয়েছে আদানি কর্তারা। একা গৌতম আদানি নন, ভাইপো সাগর আদানি-সহ (Sagar Adani) ৭ জনকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রের আদালত। আর এরপরই সাংবাদিক বৈঠকে সুর চড়িয়েছেন রাহুল গান্ধী।

রাহুল এদিন বলেন, "ভারত ও আমেরিকা উভয় দেশেরই আইনের লঙ্ঘন করেছেন আদানি গ্রুপের কর্ণধার, এটা স্পষ্ট হয়ে গিয়েছে। এরপরও তিনি দেশে কীভাবে খুলেআম ঘোরাফেরা করতে পারেন, সেটাই ভাবছি। প্রধানমন্ত্রী (Narendra Modi) আদানিকে এতদিন বাঁচিয়ে এসেছেন, কারণ প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতির সঙ্গে জড়িত। আমরা এতদিন যা বলে আসছি এটা তারই প্রমাণ।"
এবারই প্রথম নয়, বিভিন্ন নির্বাচনী জনসভায় বিজেপিকে আক্রমণে মোদী ও আদানির ঘনিষ্ঠতার (Modi-Adani Nexus) অভিযোগ তুলে আসছে কংগ্রেস (Congress)। আর এবার এনিয়ে আসন্ন শীতকালীন অধিবেশনেও সরব হওয়ার ডাক দিলেন রায়বরেলীর সাংসদ রাহুল গান্ধী। যৌথ সংসদীয় কমিটি গড়ে আদানি গোষ্ঠীর লেনদেন নিয়ে তদন্ত দাবি করলেন লোকসভার বিরোধী দলনেতা।
মার্কিন আদালতের ফৌজদারি অভিযোগপত্রে দাবি করা হয়েছে, ঘুষের টাকা অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, ছত্তীসগঢ়, তামিলনাড়ু ও জম্মু এবং কাশ্মীরের রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলিকে দেওয়া হয়েছিল। এনিয়ে রাহুল এদিন বলেন, "দুর্নীর্তির মধ্য দিয়ে ভারতের সম্পদ লুঠ করেছেন আদানি। সেই টাকা দিয়ে বিজেপিকে সমর্থন করেছেন এটা প্রমাণিত। আমরা এর তদন্ত চাইছি, তবে তারও আগে আদানির গ্রেফতারি দাবি করছি।"
মার্কিন আদালতে ঘুষ ও প্রতারণার দায়ে অভিযুক্ত গৌতম আদানি-সহ আদানি কর্তারা। এদিকে, সকালে খবর চাউড় হতেই ধাক্কা স্টক মার্কেটে। আর এবার মার্কিন আদালতের অভিযোগের পাল্টা বিবৃতি জারি করল আদানি গোষ্ঠী। আমেরিকার বাজারে ৬০ কোটি ডলারের বন্ড বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিল আদানি গ্রিন।












Click it and Unblock the Notifications