মোদী আম্বানির 'মিডলম্যান', অভিযোগ রাহুলের! সিএজি রিপোর্টের নতুন নাম দিলেন কংগ্রেস সভাপতি
রাফালে নিয়ে সিএজি রিপোর্টকে চৌকিদার অডিটর জেনারেল রিপোর্ট বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
রাফালে নিয়ে সিএজি রিপোর্টকে চৌকিদার অডিটর জেনারেল রিপোর্ট বলে কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। একইসঙ্গে তাঁর অভিযোগ, বরাত পাওয়ার আগেই অনিল আম্বানি জানতেন রাফালে নিয়ে বরাত তিনি পাবেনই। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তথ্য ফাঁস করার অভিযোগ করে রাহুল দাবি
করেন জাতীয় সুরক্ষার সঙ্গে সমঝোতা করেছেন প্রধানমন্ত্রী।

রাফালে নিয়ে ফের আক্রমণাত্মক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনেও মোদীকে নিশানা করেন রাহুল. কীভাবে রাফালে চুক্তির দশ দিন আগে অনিল আম্বানি ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেন, সেই প্রশ্ন তোলেন রাহুল। রাহুলের অভিযোগ, অনিল আন্বানির মিডলম্যান হিসেবে কাজ করেছেন মোদী। রাহুল দাবি করেছেন, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাত নিয়ে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, বিদেশ সচিব এমন কি হ্যালও জানে না। কাগজ দেখিয়ে রাহুল দাবি করেন, অনিল আম্বানি চুক্তির আগেই জানতেন বরাত তিনি পাচ্ছেন। রাহুলের অভিযোগ, তথ্য ফাঁস করে জাতীয় সুরক্ষার সঙ্গে সমঝোতা করেছেন প্রধানমন্ত্রী। সুপ্রিম কোর্টের রাফালে নির্দেশ এবার প্রশ্নের মুখে বলেও, দাবি করেন কংগ্রেস সভাপতি।
ইতিমধ্যেই সিএজি রাফালে নিয়ে রিপোর্ট পেশ করেছে। যদিও কংগ্রেস সিএজি রাজীব মহর্ষিকে নিয়ে অভিযোগ তুলেছে। কেননা যখন রাফালে চুক্তি হয়েছিল তখন রাজীব মহর্ষি ছিলে কেন্দ্রীয় অর্থ সচিব। যদিও সিএজির তরফে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, চুক্তি সব দিক থেকে পর্যালোচনা করা হয়েছে। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাহুল গান্ধী রিপোর্টকে কটাক্ষ করে বলেছেন, চৌকিদার অডিটর জেনারেল রিপোর্ট।












Click it and Unblock the Notifications