তুঙ্গে রাজনৈতিক তরজা, যোগীকে চাপে ফেলতে হাথরাসে রাহুল-প্রিয়াঙ্কা! জারি ১৪৪ ধারা
হাথরাসের ঘটনায় তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। এই ইস্যুতে ধারাবাহিক ভাবে যোগী আদিত্যনাথকে আক্রমণ করার পর এবার ময়দানে নামার সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী। জানা গিয়েছে হাথরাসের নির্যাতিতার পরিবারের সঙ্গে গিয়ে দেখা করবেন কংগ্রেসের এই দুই নেতা। এর আগে অবশ্য উত্তেজনা রুখতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে যোগী প্রশাসনের তরফে।

হাথরাসের ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা দেশকে
হাথরাসের ঘটনা নাড়িয়ে দিয়েছে সারা দেশকে। ১৪ সেপ্টেম্বর মা ও দাদার সঙ্গে প্রতিদিনের মতো ঘাস কাটতে গিয়েছিলেন যুবতী৷ অভিযোগ, সেই সময় তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে টানতে টানতে পাশের একটি জমিতে নিয়ে যায় ও গণধর্ষণ করে চারজন৷ জিভ টেনে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করা হয়৷ অবশেষে মঙ্গলবার মৃত্যু হয় তাঁর৷ টানা ১৫ দিনের লড়াই শেষে দিল্লিতে মৃত্যু হয় হাথরসের নির্যাতিতার। আর তারপরই রাজনৈতিক দলগুলি নামে রাজপথে।

চাপে রয়েছেন যোগী
অন্যদিকে, পরিবারের অনুপস্থিতিতেই হাথরাসের নির্যাতিতার শেষকৃত্য সেরে ফেলার অভিযোগ ওঠে উত্তরপ্রদেশের পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সদস্যদের বাড়িতে আটকে রেখেই শেষকৃত্য সারা হয়েছে। এরপর আরও চাপে পড়েন যোগী আদিত্যনাথ। এই বিষয়ে যোগী আদিত্যনাথকে আক্রমণ করে প্রিয়াঙ্কা গান্ধী একটি টুইট করেন।

প্রিয়াঙ্কার টুইট
সেখানে তিনি লেখেন , 'আমি ওই নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলছিলাম। আমি শুনতে পাচ্ছিলাম তিনি কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বারবার একটাই কথা বলছিলেন। তিনি শুধুমাত্র সন্তানের জন্য ন্যায় বিচার চান। এমনকী গতকাল রাতে তিনি তাঁর সন্তানকে বাড়িও নিয়ে আসতে পারেননি। তাঁর শেষকৃত্যের অধিকার তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। মুখ্যমন্ত্রী পদে থাকার কোনও নৈতিক অধিকার আপনার নেই।'












Click it and Unblock the Notifications