ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রঘুবর দাস
রাঁচি, ২৬ ডিসেম্বর: ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রঘুবর দাস। শুক্রবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০০ সালে ঝাড়খণ্ড গঠনের পর এই প্রথম কোনও অ-আদিবাসী মুখ্যমন্ত্রী পদে বসবেন।
১৪ বছরে পাঁচ-পাঁচজন মুখ্যমন্ত্রী পেয়েছে ঝাড়খণ্ড। বাবুলাল মারান্ডি, অর্জুন মুন্ডা, শিবু সোরেন, হেমন্ত সোরেন এবং মধু কোড়া মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রথম দু'জনকে মুখ্যমন্ত্রী করেছিল বিজেপি। আর শেষ তিনজন ছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা। সেই হিসাবে আদিবাসী অধ্যুষিত ঝাড়খণ্ডে রঘুবর দাসের মুখ্যমন্ত্রী পদ পাওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা।

বিজেপি সূত্রে খবর, দলের অধিকাংশ বিধায়কই সমর্থন করেন রঘুবরকে। আরও একজন মুখ্যমন্ত্রী পদের দাবিদার ছিলেন। তিনি হলেন সরযূ রায়। কিন্তু তাঁর ভাগ্যে শিকে ছিঁড়ল না।
সম্ভবত ২৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন রঘুবর দাস।












Click it and Unblock the Notifications