মোদীকে 'চোর' বলে সুপ্রিম কোর্টে রাফালে 'গুঁতো'য় মুখ পুড়ল রাহুলের
এদিন আদালতের রায়ে পরিষ্কার হয়ে গেল, স্বচ্ছতার সঙ্গে রাফালে মামলায় এগিয়েছে কেন্দ্র।
'চৌকিদার চোর হ্যায়'। রাফালে যুদ্ধবিমান চুক্তি নিয়ে বারবার কেন্দ্র সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে একথাই বলে গিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আর এদিন আদালতের রায়ে পরিষ্কার হয়ে গেল, স্বচ্ছতার সঙ্গে রাফালে মামলায় এগিয়েছে কেন্দ্র। ফলে আদালতের পর্যবেক্ষণে তদন্ত চেয়ে যে আবেদন করা হয়েছিল তা খারিজ করে দেওয়া হয়েছে।

গত কয়েকমাসে বারবার কংগ্রেস তথা রাহুল গান্ধী প্রধানমন্ত্রকে আক্রমণের নিশানা করেছিলেন। কারও সঙ্গে পরামর্শ না করে অনিল আম্বানির রিলায়েন্স গোষ্ঠীকে ৩০ হাজার কোটি টাকার সুবিধা করে দিতে এই চুক্তি করা হয়েছে বলে প্রকাশ্যে তোপ দেগেছিলেন।
শুধু সাংবাদিক বৈঠক নয়, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলাঙ্গানা সহ যেখানে যেখানে রাহুল গিয়েছেন, সেখানে প্রধানমন্ত্রী চোর বলে সভায় গরম গরম বক্তৃতা করেছেন। এমনকী ফরাসি সংস্থা ড্যাসল্ট অ্যাভিয়েশনের সিইও এরিক ট্র্যাপিয়ার এই তথ্য অস্বীকার করলে তাঁকেও দুর্নীতির দায়ে অভিযুক্ত করেন রাহুল তথা কংগ্রেস দল।
আর এদিন আদালত যে রায় দিয়েছে তাতে হাসি চওড়া হওয়ার কথা মোদীর। উল্টোদিকে ফানুস চুপসে যাওয়ার কথা রাহুল গান্ধীর। কারণ এই রাফালের ওপরে ভিত্তি করে আগামী লোকসভা ভোটে বিজেপি তথা কেন্দ্রকে আক্রমণের ছক কষেছিল কংগ্রেস। যেভাবে সব জায়গায় রাফালে নিয়ে সুর চড়ানো হয়েছে তাতে এটাই যে মূল আক্রমণের লক্ষ্য হতে চলেছে তা পরিষ্কার হয়ে গিয়েছিল। তবে এদিনের রায়ে সুপ্রিম কোর্ট বলা যায় বিরোধীদের অভিযোগকে ধুলিস্যাৎ করে দিল।
কংগ্রেস আমলে হওয়া ১২৬টি রাফালে বিমানের চুক্তিকে বাতিল করে নরেন্দ্র মোদী সরকার ৩৬টি বিমান কেনার চুক্তি করে। এবং শিল্পপতি অনিল আম্বানির ঋণে জর্জরিত সংস্থাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করে ড্যাসল্টের সহযোগী বানিয়ে। বিরোধীরা ৫৯ হাজার কোটি টাকার এই চুক্তিতে সরাসরি দুর্নীতির অভিযোগে সরব হয়।
তবে এদিন আদালতে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, অফসেট পার্টনার কে হবে তা নিয়ে আদালতের নাক গলানোর প্রয়োজন নেই। বিশেষ করে প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে কারও ধারণার ওপরে ভিত্তি করে তদন্ত এগোনো যায় না। আমরা সরকারকে বাধ্য করতে পারি না ১২৬টি বিমান কেনার জন্য। আমরা সন্তুষ্ট। গোটা প্রক্রিয়ায় সন্দেহের কোনও অবকাশ নেই।
আদালতে অভিযোগ করা হয়েছিল, বিশেষ সংস্থাকে রাফালে চুক্তিতে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এমন কোন বিষয় খুঁজে পাওয়া যায়নি যা দেখে বলা যায়, রাফালে মামলায় কাউকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। ফলে সেদিক থেকেও আদালতে মুখ থুবড়ে পড়ল কংগ্রেসের অভিযোগ।












Click it and Unblock the Notifications