শাক দিয়ে মাছ ঢাকতেই কি বিকাশ দুবের এনকাউন্টার? যে পাঁচ প্রশ্নে ঘনীভূত হচ্ছে রহস্য
কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের গ্রেফতারি নিয়ে গতকাল থেকেই ঘনীভূত হয়েছিল রহস্য৷ উত্তরপ্রদেশ ছেড়ে কেনই বা মধ্যপ্রদেশে পালাল বিকাশ কিংবা গ্রেফতারির পর গতকাল কেন তার মা বলেছিলেন, ঈশ্বরের কৃপায় এনকাউন্টার থেকে বেঁচে গেল বিকাশ - তবে কি আগে থেকেই এনকাউন্টারের পরিকল্পনা ছিল? এই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে৷

মাঝ রাস্তায় বিকাশের গাড়ি বদল করা হয়েছিল?
প্রথম প্রশ্ন, যে গাড়িটি উল্টে গিয়েছে বলে দাবি করা হয়েছে সেই গাড়িতে আদৌ বিকাশ ছিল তো? কারণ, ভোর ৪টেয় টোল প্লাজার ফুটেজে বিকাশকে অন্য গাড়িতে বসে থাকতে দেখা গিয়েছিল৷ আর সেটা উল্টে যাওয়া গাড়ি নয়৷ তাহলে কি মাঝ রাস্তায় বিকাশের গাড়ি বদল করা হয়েছিল?

মিডিয়ার গাড়ি যেতে দেওয়া হল না কেন?
বিকাশকে যখন উজ্জয়িনী থেকে কানপুর নিয়ে যাওয়া হচ্ছিল তখন পুলিশের কনভয়ের পিছনে ছিল মিডিয়ার গাড়ি৷ কিন্তু এনকাউন্টার স্থলের ২ কিমি আগেই মিডিয়ার গাড়ি আটকে দেওয়া হয়৷ কেন পুলিশের কনভয়ের সঙ্গে মিডিয়ার গাড়ি যেতে দেওয়া হল না?

পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যমের গাড়িগুলি
মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশ নিয়ে যাওয়ার সময় পুলিশের গাড়িগুলিকে অনুসরণ করেছিল সংবাদমাধ্যমের গাড়িগুলিও। হাইওয়েতে একসময় আটকানো হয় সংবাদমাধ্যমের গাড়িগুলি। ঠিক কী হয়েছিল সেই সময়? একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফে এরকমই কয়েকটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। সেই ভিডিয়ো এবং সংবাদ মাধ্যমগুলির বিবৃতি ঘিরেই উঠেছে প্রশ্ন, কার্যত কাঠগড়ায় উত্তরপ্রদেশ প্রশাসন।

বিকাশ দুবেকে শেষবারের জন্য দেখা যায় কোথায়?
একটি ভিডিওয় দেখা যায়, ভোর চারটে নাগাদ তিনটি গাড়ি টোল বুথ পার করছিল। সেই সময় বিকাশ দুবেকে একটি গাড়িতে শেষবারের জন্য দেখা যায়। কিন্তু যে গাড়িটি হাইওয়ের ধারে উলটে গিয়েছিল, সেই গাড়িতে ছিল না বিকাশ । অর্থাৎ, হাইওয়ের ধারে উলটে যাওয়া গাড়ি এবং বিকাশকে যে গাড়িতে শেষবার দেখা যায়, সেই দু'টি গাড়ি এক নয়। কিন্তু কেন এই গাড়ি পরিবর্তন? কখনই বা এক গাড়ি থেকে অন্য গাড়িতে নেওয়া হয়েছিল বিকাশকে। বিকাশের মতো একজন কুখ্যাত গ্যাংস্টারকে নিয়ে যাওয়ার সময় কেনই বা গাড়ি পরিবর্তনের সিদ্ধান্ত নিল পুলিশ।

বুকে লেগেছে বিকাশের
এদিকে প্রতক্ষ্যদর্শীরা গুলি চালনার শব্দ পেয়েছেন ঠিকই৷ কিন্তু তারা কোনও এনকাউন্টার হতে দেখেননি৷ এক্ষেত্রে প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য কতটা ঠিক? তাছাড়া গাড়ি উল্টে গেলে তারও একটি বিকট আওয়াজ হওয়ার কথা। সেটাও নাকি শুনতে পায়নি কোনও স্থানীয় মানুষ। এছাড়া বিকাশ পালাচ্ছিল পুলিশের দিকে পিঠ করে। তবে গুলি তার শরীরের সামনে দিয়ে এসে বুকে লেগেছে।

বিকাস এনকাউন্টার নিয়ে পুলিশের বয়ান
পুলিশ জানিয়েছে, বিকাশ এক অফিসারের সার্ভিস রিভলবার নিয়ে পালিয়ে যায়৷ তার মানে কুখ্যাত গ্যাংস্টারের হাতে হাতকড়া ছিল না৷ প্রশ্ন, ৬০টি মামলায় অভিযুক্ত একজন দাগী অপরাধীকে এতটা অসুরক্ষিত ভাবে নিয়ে যাওয়া হচ্ছিল কেন? কেনই বা তার হাত বাধা ছিল না?

বিকাশ দুবের এনকাউন্টা পূর্বপরিকল্পিত?
উত্তরপ্রদেশ পুলিশের বয়ান অনুযায়ী, যে গাড়িতে করে বিকাশ দুবেকে কানপুর আনা হচ্ছিল মাঝ রাস্তায় সেটি উল্টে যায়৷ এর পর বিকাশ গাড়িতে থাকা এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার নিয়ে পালিয়ে যায়৷ তাকে পুলিশ আত্মসমর্পণ করতে বলে৷ কিন্তু সে গুলি ছুড়তে শুরু করে৷ পাল্টা গুলি চালায় পুলিশও৷ কিছুক্ষণ গুলির লড়াই চলার পর এলাকা থেকে উদ্ধার হয় বিকাশের গুলিবিদ্ধ দেহ৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই চিকিৎসকরা বিকাশকে মৃত বলে ঘোষণা করেন৷












Click it and Unblock the Notifications