Punjab Election 2022: পঞ্জাবে বিজেপি কি আদৌ পা ফেলতে পারবে, নাকি ফের ক্ষমতায় কংগ্রেস? সর্বশেষ জনমত সমীক্ষার ফল
পঞ্জাবে বিধানসভা নির্বাচন ( punjab election 2022) ১৪ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই সেখানে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পঞ্জাবে এবার বহুমুখি লড়াই। নির্বাচনের দিন ঘোষণা হতেই এবিপি- সি ভোটার (ab
পঞ্জাবে বিধানসভা নির্বাচন ( punjab election 2022) ১৪ ফেব্রুয়ারি। ইতিমধ্যেই সেখানে আদর্শ আচরণ বিধি লাগু হয়ে গিয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পঞ্জাবে এবার বহুমুখি লড়াই। নির্বাচনের দিন ঘোষণা হতেই এবিপি- সি ভোটার (abp-c voter) জনমত সমীক্ষার (opinion poll) ফল প্রকাশ করেছে। আগের মতোই এবারের সমীক্ষাতেও ভোটদাতাদের মনোভাব বোঝার চেষ্টা করা হয়েছে।

পঞ্জাবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি
কংগ্রেসে অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে। নভজ্যোত সিধুকে বেশি গুরুত্ব দেওয়া এবং তাঁকে প্রদেশ কংগ্রেস সভাপতি করার কারণে ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ত্যাগ করে নতুন দল গঠন করেছেন। বিজেপির সঙ্গে তাঁর জোট চূড়ান্ত। অন্যদিকে গেরুয়া শিবিরে দীর্ঘদিনের সঙ্গী শিরোমনি অকালি দল বিজেপির সঙ্গ ছেড়েছিল আগেই। এবার তারা বিএসপির সঙ্গে জোট করে নির্বাচনী লড়াইয়ে সামিল হয়েছে। অন্যদিকে আম আদমি পার্টি চণ্ডীগড় পুরসভার নির্বাচনে তাদের ক্ষমতা দেখিয়েছে। যার জেরে পঞ্জাব বিধানসভা নির্বাচনে তারা কী ফল করতে পারে, তার দিকে তাকিয়ে সকলেই।

সব থেকে বেশি আসন পেতে পারে 'আপ'
এবিপি- সি ভোটারের সর্বশেষ জনমত সমীক্ষা অনুযায়ী, এবার পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১১৭ টি আসনের মধ্যে আপ সব থেকে বেশি আসন পেতে পারে। অরবিন্দ কেজরিওয়ালের দল ৫২ থেকে ৫৮ টি আসন পেতে পারে। তবে তারা সংখ্যা গরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৫৯ আসন থেকে দূরেই থাকবে বলে মনে করছেন সমীক্ষকরা। বর্তমানে ক্ষমতাসীন কংগ্রেস ৩৭ থেকে ৪৩ টি আসন পেতে পারে।

কিংমেকার হতে পারে শিরোমনি অকালি দল
বর্তমান পরিস্থিতিতে শিরোমনি অকালি দলের জোট কিংমেকার হয়ে উঠতে পারে বলেও জনমত সমীক্ষায় উঠে এসেছে। তারা ১৭ থেকে ২৩ টি আসন পেতে পারে। এই নির্বাচনে বিজেপি ১-৩ টি আসন পেতে পারে। তবে বিজেপির অবস্থা যে এর থেকে ভাল হওয়ার নয়, তা সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এবং ডিসেম্বরের জনমত সমীক্ষায় দেখিয়েছিল এবিপি- সি ভোটারের জনমত সমীক্ষা।

ভোটের শতাংশ
এবিপি- সি ভোটারের সর্বশেষ জনমত সমীক্ষায় আরও বলা হয়েছে, শতাংশের নিরিখে ভোট প্রাপ্তির ক্ষেত্রে কংগ্রেস এবং আপের মধ্যে তীব্র লড়াই হতে চলেছে। নভেম্বর এবং ডিসেম্বরের তুলনায় চান্নির নেতৃত্বে কংগ্রেসের অবস্থা ভাল বলেও এই সমীক্ষায় বলা হয়েছে। সর্বশেষ জনমত সমীক্ষায় বলা হয়েছে, কংগ্রেস ৩৫.৯ শতাংশ ভোট পেতে পারে। আপ পেতে পারে ৩৯.৭ শতাংশ ভোট। শিরোমনি অকালি দল পেতে পারে ১৭.৭ শতাংশ, বিজেপি ২.৫ শতাংশ এবং অন্যরা পেতে পারে ৪.২ শতাংশের মতো ভোট।












Click it and Unblock the Notifications