পাঞ্জাবে ক্ষমতায় বসেই, 'এক বিধায়ক এক পেনশন' চালু করলেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান
প্রথমবার পাঞ্জাবে ক্ষমতায় এসেছে আম আদমি পার্টি৷ অরবিন্দ কেজরিওয়ালের ঘোষণা মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মান। আর প্রথমবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেই শুক্রবার একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মান। পাঞ্জাবের আপ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে প্রাক্তন বিধায়করা এখন শুধুমাত্র তাদের একটি মেয়াদের জন্য পেনশন পাবেন। প্রতিটি মেয়াদের জন্য পেনশনের সুবিধা আর পাবেন না একজন এমএলএ৷ প্রসঙ্গত, একজন এমএল পেনশন বাবদ একটি মেয়াদের জন্য প্রতি মাসে প্রায় ৭৫০০০ টাকা পেনশন পান। তারপরে, পরবর্তী প্রতিটি মেয়াদের জন্য পেনশনের অতিরিক্ত ৬৬ শতাংশ অর্থ দেওয়া হয়।

বর্তমানে পাঞ্জাবে আড়াইশোরও বেশি প্রাক্তন বিধায়ক বর্তমানে পেনশন পাচ্ছেন। সম্প্রতি একটি ভিডিও বার্তায় মান বলেছেন, পাঞ্জাবের প্রাক্তন বিধায়করা কেউ দুবার, পাঁচবার বা দশবার প্রতিদ্বন্দ্বীতায় জিতেছেন এবং প্রত্যেকটি মেয়াদের জন্য তারা আলাদা আলাদা করে পেনশন ও ৬৬ শতাংশ অতিরিক্ত অর্থ পেয়ে থাকেন৷ এখন থেকে শুধুমাত্র এক মেয়াদের জন্য পেনশন পাবেন একজন বিধায়ক।
একই সঙ্গে মুখ্যমন্ত্রী মান বলেন, বিধায়কদের বাড়তি পেনশন না দেওয়ার ফলে যে অর্থ জমা হবে তা মানুষের কল্যাণে ব্যয় করা হবে। মান আরও বলেন, আমাদের রাজনৈতিক নেতারা, আপনাদের কাছে হাত জোড় করে ভোট চান এই বলে যে আমাদের আপনার সেবা করার সুযোগ দিন! কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বেশ কয়েকজন বিধায়ক যারা তিনবার, চারবার বা পাঁচবার জিতেছেন এবং তারপরে নির্বাচনে হেরে যাওয়ার পরে বা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলের টিকিট না পেয়েও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা পেনশন পান। পাঞ্জাবের বিধায়করা কেউ পেনশন বাবদ পাল ৩.৫ লাখ এবং কেউ পায় ৪.৫০ লাখ এবং কেউ পেনশন হিসেবে ৫.২৫লাখ টাকাও পান। বহুবছর ধরো চলে আসা নিয়ম বদলাতেই কড়া পদক্ষেপ নিয়েছেন মান।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নিজের পোস্ট করা ভিডিওবার্তায় আরও বলেছেন, বিধায়কদের এই বড় অঙ্কের পেনশন রাজ্যের রাজকোষের উপর কোটি কোটি টাকার আর্থিক বোঝা চাপায়। যা সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন মান। বিধায়কদের পারিবারিক পেনশনেও সঙ্কোচন করা করা হবে,বলে জানিয়েছেন মান৷ মুখ্যমন্ত্রী মান এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন৷ মান টুইটে লিখেছেন, আজ আমরা আরেকটি বড় সিদ্ধান্ত নিয়েছি। পাঞ্জাবের বিধায়কদের পেনশনের পদ্ধতি পরিবর্তন করা হবে। বিধায়করা এখন শুধুমাত্র একটি পেনশনের জন্য যোগ্য হবেন। এবং বহুবছর ধরে হাজার হাজার কোটি টাকা যা বিধায়কদের পেনশনে ব্যয় করা হচ্ছে। তা এখন পাঞ্জাবের মানুষের উপকারে ব্যবহার করা হবে।












Click it and Unblock the Notifications