গুজরাতে ভোটের মুখে বিপাকে বিজেপি, প্রার্থী তালিকা প্রকাশের পরই জেলায় জেলায় বিক্ষোভ
১৮২টি আসনের মধ্যে দুই দফায় মোট ১০৬টি আসনে প্রার্থী তালিকা প্রকাশের পর গুজরাতে বিজেপিকে ঘিরে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন কর্মী-সমর্থকেরা।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্যে বিধানসভা ভোটের প্রাক্কালে কিছুই ঠিকঠাক চলছে না বিজেপির। একের পর এক বিবাদে-বিতর্কে জড়াচ্ছে দল। ১৮২টি আসনের মধ্যে দুই দফায় মোট ১০৬টি আসনে প্রার্থী তালিকা প্রকাশের পর গুজরাতে বিজেপিকে ঘিরে জেলায় জেলায় বিক্ষোভ শুরু করেছেন কর্মী-সমর্থকেরা।

কিছু নেতা-কর্মীর ক্ষোভ পুরনো বিধায়কদের ফের টিকিট দেওয়ায়, আবার কোথাও দাবি, ভোটের হারতে না চাইলে নতুন টিকিট পাওয়া নেতাদের সরিয়ে পুরনোদের টিকিট দিতে হবে। আর এই দ্বৈত দাবিতে রীতিমতো সমস্যায় বিজেপি।
পাতানের বিজেপি সাংসদ যেমন ছেলেকে বিধানসভা ভোটে টিকিট না দেওয়া হলে দলবল নিয়ে পদত্যাগের হুমকি দিয়েছেন। বরিষ্ঠ নেতা তথা ক্ষত্রিয় নেতা আইকে জাদেজাকে সৌরাষ্ট্র থেকে টিকিট না দেওয়ায় তাঁর সমর্থকেরা রাজ্যের মূল বিজেপি কার্যালয় শ্রী কমলমে এসে বিক্ষোভ দেখিয়েছে। যদি তাদের দাবি না মানা হয় তাহলে ফল ভয়ানক হবে বলে হুমকিও দেওয়া হয়েছে।
বিজেপি মুখপাত্র ভরত পাণ্ডিয়া যদিও দলবিরোধী স্লোগানের কথা অস্বীকার করেছেন। তিনি বলেছেন, টিকিট বণ্টন নিয়ে মতানৈক্য থাকতেই পারে। সেটা স্বাভাবিক। তাই বলে কেউ দলবিরোধী স্লোগান দেয়নি। এদিকে শোনা যাচ্ছে, বিভিন্ন জেলায় বিজেপি নেতা-কর্মীরা ভোটের আগে ইস্তফা দিচ্ছেন। ফলে সবমিলিয়ে ভোটের মুখে গুজরাতে বেশ বিপাকে বিজেপি।












Click it and Unblock the Notifications