বাসুকিনাগ মন্দিরে ভাঙচুরের বিরুদ্ধে বিক্ষোভ জম্মুতে
বাসুকিনাগ মন্দিরে ভাঙচুরের বিরুদ্ধে বিক্ষোভ জম্মুতে
জম্মুর ডোডা জেলায় বাসুকিনাথ মন্দিরে ভাঙচুর চালিয়েছে একদল দুস্কৃতী। এই ঘটনার একদিন পর সোমবার জম্মুতে বিক্ষোভ শুরু হয়েছে৷ হিন্দু বিক্ষোভকারীরা 'হিন্দু মন্দিরের উপর আক্রমণ বন্ধ করুন' স্লোগানের সঙ্গে বিক্ষোভ দেখান। মন্দির অপবিত্র করার একদিন পরে অর্থাৎ সোমবার জম্মুতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। হিন্দু বিক্ষোভকারীরা একটি অবস্থান-বিক্ষোভে সামিল হয়েছেন, তারা নিজেদের হাতে প্ল্যাকার্ড বহন করেছিল যেখানে লেখা ছিল, 'হিন্দু মন্দির ভাঙচুর বন্ধ করুন।'

পুরো ঘটনা নিয়ে কী বলছেন রাজা হরি সিংয়ের পপৌত্র?
জম্মুর ডোডা জেলার, ভদেরওয়াহ শহরের বাসুকি নাগ মন্দিরের কৈলাশ কুণ্ডে শ্রী বাসুকি নাগরাজ মহারাজের মূর্তি ভাংচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান আন্দোলনকারীরা। এদিন হিন্দু বিক্ষোভকারীরা শহরের বেশ কয়েকটি জায়গায় রাস্তা অবরোধও করেন। জম্মুর এই মন্দিরটির মালিক ধর্মার্থ ট্রাস্ট। এই ট্রাস্টের একজন ট্রাস্টি হলেন জম্মু-কাশ্মীরের শেষ ডোগরা শাসক মহারাজা হরি সিংয়ের নাতি বিক্রমাদিত্য সিং৷ ট্রাস্টি সিং বলেছেন যে, মন্দিরে ভাঙচুরের বিষয়টি তিনি স্থানীয় প্রশাসনের কাছে উত্থাপন করেছেন এবং জনসাধারণের কাছে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করেছেন।

আরও যা বললেন বিক্রমাদিত্য সিং?
সিং আরও বলেন, 'খবর পেয়েছি বাসুকি নাগ মন্দির ও কৈলাস কুন্ডে ভাঙচুর চালিয়েছে স্থানীয় ভাদেরওয়াহের দুষ্কৃতীরা। আমি ব্যক্তিগতভাবে ডিসি এবং ডোডা জেলার পুলিশ সুপারের সঙ্গে কথা বলেছি যাতে শীঘ্রই বিষয়টির তদন্ত করা যায় এবং দোষীদের বিচারের আওতায় আনা যায়।' প্রসঙ্গত, বাসুকি নাগ মন্দির ১৩৫০০ফুট উচ্চতায় কৈলাস কুন্ডে অবস্থিত। জম্মু-কাশ্মীর ধর্মার্থ ট্রাস্ট স্থানীয় হিন্দু সমিতির সঙ্গে বার্ষিক যাত্রাকে ভক্তদেড মন্দিরে নিয়ে যায়। বিক্রমাদিত্য সিং আরও বলেন, 'আমি সাধারণের কাছে সংযম এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আবেদন করছি।'

কী বলছে পুলিশ?
প্রসঙ্গত, এই ভাঙচুরের ঘটনায়, ভাদারওয়াহ থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পুলিশের একটি দল ইতিমধ্যেই উচ্চ উচ্চতার হ্রদ কৈলাস কুন্ডে নিযুক্ত করা হয়েছে পুরো ঘটনার তদন্তের স্বার্থে।












Click it and Unblock the Notifications