কন্যা ভ্রুণ হত্যার বিরুদ্ধে অভিনব প্রতিবাদ মহারাষ্ট্রের একটি সেলুনে, জেনে নিন কীভাবে
ছেলে ও মেয়ে সমান, এই সত্যটা যত তাড়াতাড়ি আমজনতা বুঝবে, ততই তাড়াতাড়ি দেশ প্রগতির পথে এগিয়ে চলবে। আর এই ধ্রুবসত্যটাই ভিতর থেকে উপলব্ধি করেছেন মহারাষ্ট্রের বীড় জেলার এক সাধারণ নাপিত। তাঁর নাম অশোক পাওয়ার।
ঔরঙ্গাবাদ, ১৬ জানুয়ারি : সারা দেশে কন্যা ভ্রুণ হত্যা নিয়ে নিত্যদিন সংবাদ প্রকাশিত হয়। আইন থাকলেও তার তোয়াক্কা অধিকাংশই করেন না। ফলে দেশের অধিকাংশ রাজ্যে কন্যা ভ্রুণ হত্যার ঘটনা দিদিন বেড়ে চলেছে। কারণ বিষয়টা আইনের ভয় দেখিয়ে নয়, উপলব্ধি করার বিষয়।
ছেলে ও মেয়ে সমান, এই সত্যটা যত তাড়াতাড়ি আমজনতা বুঝবে, ততই তাড়াতাড়ি দেশ প্রগতির পথে এগিয়ে চলবে। আর এই ধ্রুবসত্যটাই ভিতর থেকে উপলব্ধি করেছেন মহারাষ্ট্রের বীড় জেলার এক সাধারণ নাপিত। তাঁর নাম অশোক পাওয়ার।

যে জেলায় কন্যা ভ্রুণ হত্যার হিসাবে রীতিমতো ভয়াবহ, সেই জেলাতেই নিজের সেলুনে এর বিরুদ্ধে জনচেতনা গড়ার কাজ করছেন অশোক। সদ্য কন্যা সন্তান জন্মানো পিতার কাছ থেকে ক্ষৌরকর্ম করার জন্য কোনও টাকা নিচ্ছেন না তিনি। যাদের কন্যা সন্তান হয়েছে এমন ব্যক্তিদের কাছ থেকে মোট ৬ মাস কোনও টাকা অশোক নেবেন না বলেও জানিয়েছেন। মাত্র দশ হাজার টাকা মাসে রোজগার অশোকের। তবে তার মাঝে দাঁড়িয়েও যেভাবে তিনি পদক্ষেপ করেছেন তা গ্রামে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এর পাশাপাশি কন্যা সন্তানের যখন একবছর বয়স হবে, তখন তার ক্ষৌরকর্মের জন্য কোনওরকম টাকাও অশোক নেবেন না বলে জানিয়েছেন। এখনও পর্যন্ত এলাকার মোট ১৫ জন কন্যার পিতা একেবারে বিনামূল্যে তাঁর সেলুনে এসে চুল-দাড়ি কেটে গিয়েছেন বলে জানা গিয়েছে।
নতুন বছরের প্রথম দিন থেকে এই ফ্রি সার্ভিস শুরু করেছেন অশোক। যে এলাকায় তাঁর দোকান সেখানে অবৈধভাবে লিঙ্গ নির্ধারণ, কন্যা ভ্রুণ হত্যার মতো ঘটনা নিত্যদিনের ব্যাপার। তবে তার মাঝে দাঁড়িয়ে সামান্য এক নাপিত হয়ে এমন মহান দৃষ্টান্ত স্থাপন করা কম কৃতিত্বের নয়।
অশোক পাওয়ারের নিজের এক বছর বয়সী এক কন্যা রয়েছে। মেয়ের শ্রাবণী। তিনি যে সবসময় মেয়েই চেয়েছিলেন তা জানিয়েছেন অশোক। আর তাই মেয়ের একবছরের জন্মদিনে মেয়েদের জন্য কিছু করার উদ্যোগ নিয়েছেন তিনি। জানিয়েছেন, লোকে ভাবে মেয়ে হলে খরচ বাড়ে। তবে আমার মেয়ে হওয়ার কয়েকমাস পরই নতুন দোকান করতে পেরেছি। মেয়ে আমার জন্য লাকি। আমি চাই এই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে যাক। সেজন্যই এই উদ্যোগ নিয়েছি।












Click it and Unblock the Notifications