ভারতের দ্রুত অগ্রগতির প্রমাণ, এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ এ বিশ্বব্যাপী অংশগ্রহণের আহ্বান মোদীর
ভারতের দ্রুত অগ্রগতির আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে সামনে এসেছে এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬। এই উপলক্ষে দেশবাসীর গর্বের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ভারতের মাটিতে সমবেত হচ্ছেন, এটাই প্রমাণ করে দেশের যুবশক্তির সক্ষমতা ও আত্মবিশ্বাস। বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে ভারতের দ্রুত উন্নতি যে আজ বিশ্বস্বীকৃত, এই সম্মেলন তারই প্রতিফলন।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী বলেন, ১৪০ কোটির বেশি ভারতবাসীর শক্তিতে ভর করে দেশ আজ কৃত্রিম বুদ্ধিমত্তা রূপান্তরের অগ্রভাগে। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, শক্তিশালী স্টার্টআপ ইকোসিস্টেম ও অত্যাধুনিক গবেষণা সব মিলিয়ে ভারতের এআই যাত্রা উচ্চাকাঙ্ক্ষা ও দায়িত্ববোধের সমন্বয়।

১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি, নয়াদিল্লির ভারত মন্দাপমে অনুষ্ঠিত হচ্ছে এই বহুল প্রতীক্ষিত সম্মেলন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নিজেই। চারদিনব্যাপী এই আয়োজনে অংশ নিচ্ছে প্রায় ৬০০ স্টার্টআপ ও প্রতিষ্ঠান। এক্সপো প্রাঙ্গণে ১৩টি দেশ নিজেদের প্যাভিলিয়ন স্থাপন করছে অস্ট্রেলিয়া, জাপান, রাশিয়া, ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, তাজাকিস্তান, আফ্রিকা সহ বিভিন্ন দেশ।
সরকারি সূত্রে জানা গেছে, ৩০০ এর বেশি নির্বাচিত প্রদর্শনী প্যাভিলিয়ন থাকবে ও প্রায় আড়াই লক্ষ দর্শনার্থীর সমাগম হতে পারে।
তিন সূত্রে ভবিষ্যতের রূপরেখা
'পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রোগ্রেস' এই তিন মূলমন্ত্রকে সামনে রেখেই গড়ে উঠেছে সম্মেলনের ভাবনা। ৫০০ এর বেশি সেশন ও আলোচনাচক্রে ৩,২৫০ জন বক্তা ও প্যানেল সদস্য অংশ নেবেন। প্রযুক্তি, নীতি, নৈতিকতা ও উদ্ভাবনের নানা দিক নিয়ে চলবে বিশদ আলোচনা।
বিশ্বনেতাদের উপস্থিতিও সম্মেলনকে দিচ্ছে আলাদা মাত্রা। অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ইমানুয়েল ম্যাক্রন, লুইস ইনাসিও লোলা দা সিলভা ও শেখ খালেদ বিন মহম্মদ বিন জায়েদ জায়েদ এ আই নাহায়ন সহ প্রায় ২০টি দেশের রাষ্ট্রনেতা, মন্ত্রী ও প্রতিনিধিদল।
প্রধানমন্ত্রী আশাবাদী, এই সম্মেলন কেবল প্রযুক্তিগত অগ্রগতির কথাই বলবে না, বরং একটি প্রগতিশীল, উদ্ভাবনী ও সুযোগনির্ভর ভবিষ্যতের দিশা দেখাবে। কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমাত্রিক প্রভাব নিয়ে বিশ্বব্যাপী যে আলোচনা চলছে, তার কেন্দ্রবিন্দুতে এবার ভারত।
বিশেষজ্ঞদের মতে, এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬ কেবল একটি প্রযুক্তি সম্মেলন নয় এটি ভারতের বৈশ্বিক নেতৃত্বের প্রতীক, যেখানে উদ্ভাবন ও মানবকল্যাণের সমন্বয়ে নতুন ভবিষ্যতের রূপরেখা আঁকা হচ্ছে।












Click it and Unblock the Notifications