লখিমপুর খিরি যাওয়ার পথে আটক প্রিয়াঙ্কা গান্ধী, ঝাড় দিচ্ছেন উত্তরপ্রদেশের গেস্টহাউজ, ভাইরাল ভিডিও
লখিমপুর খিরি যাওয়ার পথে আটক প্রিয়াঙ্কা গান্ধী, ঝাড় দিচ্ছেন উত্তরপ্রদেশের গেস্টহাউজ, ভাইরাল ভিডিও
উত্তরপ্রদেশের লখিমপুর খিরিতে যাওয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে যে গেস্ট হাউজে রাখা হয়েছে, সোমবার সেই গেস্ট হাউজ ঝাড় দিতে দেখা গেল কংগ্রেস নেত্রীকে। প্রসঙ্গত, সীতাপুরের একটি গেস্টহাউজে আটক করে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধী সহ কংগ্রেস নেতাদের।

আটক প্রিয়াঙ্কা গান্ধী
জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলের ওপর অভিযোগ উঠেছে যে তিনি প্রতিবাদী কৃষকদের পিষে দেন, যার জন্য ৮ জনের মৃত্যু হয়। এই ঘটনার প্রতিবাদ জানাতে লখিমপুর খিরিতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতাদের একটি দল। সোমবার ভোরেই পুলিশ তাঁদের আটক করে। প্রসঙ্গত, গাড়ি পিষে দেওয়ার ফলে ঘটনাস্থলেই চার জন কৃষকের মৃত্যু হয় এবং অন্য চারজনের মৃত্যু হয় এই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ চলাকালীন। আটজন কৃষকের মৃত্যুর ঘটনা এলাকায় উত্তেজনার সৃষ্টি করে।

গেস্টহাউজ ঝাড় দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী
এই ঘটনা শোনার পরই প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস নেতাদের দল তৎক্ষণাত লখিমপুর খিরির পথে রওয়ানা দেন কিন্তু হিংসাত্মক ঘটনা চলার এলাকায় পৌঁছানোর আগেই সীতাপুরে তাঁদের আটক করে পুলিশ। সীতাপুরের একটি গেস্টহউসে প্রিয়াঙ্কা গান্ধীকে রাখা হয়েছে, যেখানে তাঁকে তাঁর থাকার জায়গার মেঝে ঝাড় দিতে দেখা গিয়েছে। কংগ্রেস দলের পক্ষ থেকে শেয়ার করা আরও একটি ভিডিওতে দেখা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে তর্ক করছেন এবং তাঁদের আটক করার পরোয়ানা দেখানোর দাবি জানাচ্ছেন এবং অন্যদিকে দলের পক্ষ থেকে জানানো হয় যে এই তর্ক-বিতর্ক চলার সময় কংগ্রেস নেতাদের হেনস্থা করা হয়।

এফআইআর দায়ের
স্বরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্র ও অন্যান্যদের বিরুদ্ধে লখিমপুর খিরি হিংসার ঘটনার জন্য এফআইআর করা হয়েছে। কৃষক নেতারা দাবি করেছেন যে উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের বিরোধিতা করে কিছু বিক্ষোভকারীদের গাড়িগুলির একটি গাড়ির মধ্যে আশিষ মিশ্র ছিলেন।

কৃষকদের মৃত্যু ও হিংসাত্মক ঘটনা
কৃষকদের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার বেঁধে যায় উত্তরপ্রদেশে লখিমপুর খিরি জেলায়। রীতিমতো হিংসাত্মক ঘটনার পরিস্থিতি সৃষ্টি হয়। তিনটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেন ক্ষুব্ধ লোকজন। একটি মহলের তরফে তাঁদের কৃষক বলে দাবি করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের তরফে জানানো হয়েছে, মোট আটজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে চারজন কৃষক। চারজন ওই গাড়িতে ছিলেন। রবিবার লখিমপুর খিরি জেলায় উপ-মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্যের একটি অনুষ্ঠান ছিল। তাঁকে কালো পতাকা দেখানোর জন্য অনেক কৃষক জমায়েত শুরু করেন। নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন। কিন্তু পুলিশ এবং বিজেপি কর্মীদের সঙ্গে তাঁদের বচসা শুরু হয়ে যায়। অভিযোগ, তারইমধ্যে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয়। যে গাড়িতে বিজেপির পতাকা লাগানো ছিল। তার জেরে ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications