Priyanka Gandhi: “দাদাকে চিনি, ও এটা করতেই পারে না,” রাহুলের বিরুদ্ধে FIR নিয়ে সরব বোন প্রিয়ঙ্কা গান্ধী
Priyanka Gandhi: সংসদে ধাক্কাধাক্কি তরজায় রাহুল গান্ধীর (Rahul Gandhi) বিরুদ্ধে এফআইআর (FIR) রুজু করেছে দিল্লির পুলিশ। দাদার হয়ে এবার সুর চড়ালেন বোন প্রিয়ঙ্কা গান্ধী। কেন্দ্রীয় সরকারের মরিয়া চেষ্টা বলে বলে নিশানা প্রিয়ঙ্কার। আম্বেদকরের অপমান দেশবাসী সহ্য করবে না, তাই বিজেপি নজর ঘোরানোর চেষ্টা করছে বলেও তোপ দাগলেন ওয়েনাডের কংগ্রেস সাংসদ।
প্রিয়ঙ্কার দাবি, আম্বেদকরকে (BR Ambedkar) নিয়ে বিজেপির প্রকৃত ধ্যানধারণা প্রকাশ্যে চলে এসেছে, তাই কংগ্রেসের প্রতিবাদে ভয় পাচ্ছে বিজেপি (BJP)। সংসদ চত্বরে এদিন প্রিয়ঙ্কা বলেন, "সরকার ভয় পেয়ে গিয়েছে। আদানি নিয়ে বিতর্কে ভয় পায় সরকার। সব বিতর্কেই আপত্তি রয়েছে। বিরোধীরা সুর চড়াতেই সরকার ভয়ের মধ্যে রয়েছে।"

আম্বেদকর ইস্যুতে জাতীয় স্বার্থ জড়িয়ে রয়েছে বলে দাবি প্রিয়ঙ্কার। তিনি বলেন, সংবিধান তৈরি করেছেন বাবাসাহেব আম্বেদকর। তার অপমান দেশবাসী সহ্য করবেন না। রাহুলের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গে প্রিয়ঙ্কা বলেন, "সরকার এতটাই মরিয়া হয়ে গিয়েছে যে তারা মিথ্যে এফআইআর পর্যন্ত রুজু করাচ্ছেন। রাহুলজি কাউকে ধাক্কা দিতেই পারেন না। আম ওর বোন। আমি ওকে চিনি, ও এটা করতেই পারে না।"
প্রসঙ্গত, সংসদে বিজেপি সাংসদদের ধাক্কা (Pushing) ও হেনস্থার (Assault) ঘটনায় এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর রুজু করেছে দিল্লি পুলিশ। দিল্লির পার্লামেন্ট স্ট্রীট থানায় লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে একাধিক ধারায় এফআইআর হয়েছে। সংসদ চত্বরে রাহুলের ধাক্কায় ২ বিজেপি সাংসদ আহত হন বলে অভিযোগ।
ভারতীয় ন্যায় সংহিতার ১১৭, ১২৫, ১৩১, ৩৫১ এবং ৩(৫) ধারায় রাহুলের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ রাহুলের বিরুদ্ধে এই তদন্ত করবেন। এর আগে বৃহস্পতিবার বেলার দিকে রাহুলের বিরুদ্ধে সটান থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন এনডিএর সাংসদরা।
ঘটনার (Parliament Scuffle) তদন্তে রাহুল গান্ধীকে ডেকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। একইসঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও চাইবে পুলিশ। লোকসভার সচিবকে এ সংক্রান্ত অনুরোধ জানাবে পুলিশ। সিসিটিভিতে খতিয়ে দেখা হবে রাহুল ও আহত সাংসদদের গতিবিধি।
বিজেপি সাংসদদের করা অভিযোগে ১০৯ ধারা অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগও করা হয়েছিল। যদিও দিল্লি পুলিশের এফআইআরে ১০৯ ধারায় রাহুলের বিরুদ্ধে কোনও মামলা দেওয়া হয়নি। তবে ১১৭ ধারায় ইচ্ছাকৃত কাউকে গুরুতর আঘাত করার অভিযোগ রয়েছে রাহুলের বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications