Priyanka Gandhi: "সংবিধান, সঙ্ঘের বিধান নয়," সংসদে প্রথম ভাষণের ছত্রে ছত্রে বিজেপিকে ঝাঁঝালো আক্রমণ প্রিয়ঙ্কার
Priyanka Gandhi: সংসদে প্রথম ভাষণ প্রিয়ঙ্কা গান্ধীর। ভাষণের শুরুতেই উন্নাও গণধর্ষণকাণ্ড ও সম্ভলে সংঘর্ষের ঘটনা নিয়ে সুর চড়ালেন প্রিয়ঙ্কা। লোকসভায় সংবিধান নিয়ে বিতর্কে (Constitution Debate) ভাষণের ছত্রে ছত্রে বিজেপিকে (BJP) নিশানা ওয়েনাডের নবনির্বাচিত কংগ্রেস সাংসদের।
সংবিধানকে দেশের সুরক্ষা কবচ বলে উল্লেখ করেন প্রিয়ঙ্কা। বিজেপি সেই কবচ ভাঙার চেষ্টা করছে বলে সরব হন তিনি। বিজেপিকে উদ্দেশ্য করে প্রিয়ঙ্কা বলেন, "লোকসভায় ধাক্কা না খেলে এতদিনে সংবিধান বদলে দিত ওরা। লোকসভার ফলাফল দেখে ওরা বুঝে গিয়েছে দেশের জনগণই পারবেন সংবিধান সুরক্ষিত রাখতে।

প্রিয়ঙ্কা বলেন, "সংসদে সংবিধান মাথায় ঠেকিয়ে প্রণাম করেন প্রধানমন্ত্রী। কিন্তু হাথরস, সম্ভল, উন্নাওতে কিছু হলে মাথায় চিন্তার ভাঁজটুকু পড়ে না। এটা সংবিধান, সঙ্ঘের বিধান নয়। বিজেপির বিভাজন নীতির ফলশ্রুতি রোজ মণিপুর, সম্ভলে দেখা যায়।"
নারী সংরক্ষণ অধিনিয়ম (Women Reservation Bill) নিয়ে সুর চড়ালেন প্রিয়ঙ্কা। অবিলম্বে নারী সংরক্ষণ বিল বাস্তবায়নের পক্ষে সওয়াল করেন। বলেন, "দেশের নারীদের এই বিলের জন্য কেন ১০ বছর ধরে অপেক্ষা করতে হবে। আর দেরি না করে কেন্দ্রের উচিত অবিলম্বে তা লাগু করা। স্বাধীনতা অর্জনে নারীদের লড়াই করার অধিকার সংবিধানেই বর্ণিত আছে।"
সংসদের বাইরে প্রতিবাদের পর সংসদের ভেতরেও আদানি ইস্যুতে সুর চড়াল কংগ্রেস। সংবিধান নিয়ে বিতর্কে আদানি ইস্যু টেনে প্রিয়ঙ্কা বলেন, "আদানিকে সব কোল্ড স্টোরেজ রাজ্য সরকার নয়, কেন্দ্রীয় সরকার দিয়েছে। এক জনকে বাঁচাতে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। সব সম্পদ, সব বন্দর, সড়ক, রেল, কারখানা, খনি, বিমানবন্দর একজনকেই দেওয়া হচ্ছে। এক জন ব্যক্তির পকেট ভরাতেই সরকার চলছে।"
বিজেপিকে চাঁচাছোলা আক্রমণ শানিয়ে প্রিয়ঙ্কা আরও বলেন, "টাকার জোরে সরকার ফেলে দেন ওনারা। মহারাষ্ট্রের সরকার, গোয়ার সরকারকে টাকার জোরে ক্ষমতাবলে ফেলে দিয়েছে। ওখানে কি সংবিধান নেই? বিজেপিতে ওয়াশিং মেশিন রয়েছে সেটা তো গোটা দেশের জনতা জানে। এদিকে দাগ থাকলে ওদিকে স্বচ্ছতা। ওই দলে গেলে ওয়াশিং মেশিনে ধুয়ে যান সকলে।"
এনডিএ সরকার অতীতে পড়ে রয়েছে বলে নিশানা করেন প্রিয়ঙ্কা গান্ধী। বলেন,"সবকিছুর জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে নিশানা করে বিজেপি। কিন্তু দেশে আমূল পরিবর্তন না এনে দোষারোপেই ব্যস্ত এখনের সরকার" এজেন্সি দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হয় বলেও সুর চড়ালেন প্রিয়ঙ্কা।
জাতি শুমারি থেকে বিজেপি পিছিয়ে আসছে বলেও দাবি প্রিয়ঙ্কার। তিনি বলেন, "জাতি শুমারি না করে সংবিধানকে আরও দুর্বল করে তুলছে বিজেপি। অবিলম্বে জাতি শুমারি করা প্রয়োজন। বিভিন্ন প্রকল্প রূপায়ণে সুবিধে হবে।" এদিন সত্যমেব জয়তে বলে ভাষণ শেষ করেন প্রিয়ঙ্কা গান্ধী।












Click it and Unblock the Notifications