মমতা বন্দ্যোপাধ্যায়কে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কবে হবে দুজনের বৈঠক
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দফতর। মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছেন প্রধানমন্ত্রী। দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারই শেষ লগ্নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ হবে।
পশ্চিমবঙ্গ বঞ্চিত। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রয়েছে। কেন্দ্র সেই টাকা দিচ্ছে না। রাজ্যের তরফে বারবার আবেদন করা হচ্ছে। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার কোনও রকম পদক্ষেপ করছে না। এই অভিযোগ বারবার করা হয়েছে। এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে এই বিষয় দিয়ে কথা বলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেজন্যই প্রধানমন্ত্রীর কাছ থেকে সময় চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী।

১৭ থেকে ২০ তারিখ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকবেন। ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে ১৯ ডিসেম্বর। সেই বৈঠকেও যোগ দেবেন তৃণমূল সুপ্রিমো। জানা গিয়েছে, পরদিন ২০ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সময় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওই দিন প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হবে। এমনই কথা জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।
কতক্ষণ সেই বৈঠক হবে? কোথায় সেই বৈঠক হবে? সেই বিষয়ে এখনই কোনও বার্তা পাওয়া যাচ্ছে না। এর আগে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই দুজনের মধ্যে বৈঠক হয়েছিল। তারপর গঙ্গা ও যমুনা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। রাজনৈতিক আক্রমণ ক্রমশ বেড়েছে বাংলায়। বেড়েছে কেন্দ্রের বঞ্চনা। এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছে।
কেন্দ্রীয় সরকার রাজ্য থেকে জিএসটির সব টাকা তুলে নিয়ে যায়। কোনও। টাকা ফেরত দেওয়া হয় না দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেজন্য বাংলায় ১০০ দিনের কাজের টাকা দীর্ঘ দিন ধরে বন্ধ। শ্রমিকদের দীর্ঘ সময়ের পারিশ্রমিক আটকে রয়েছে। তাই নিয়ে তৃণমূল কংগ্রেস একাধিকবার আন্দোলনে নেমেছে। কিন্তু তারপরও কোনও রাস্তা পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকাও বাংলায় বন্ধ। কোনও ভাবেই টাকা কেন্দ্র থেকে আসছে না। এদিকে বাংলায় উন্নয়নের যাত্রা থমকে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন বিভিন্ন সময়ে। কেন্দ্র কেন ন্যায্য পাওনা টাকা দেবে না? সেই প্রশ্ন তুলেছেন তিনি। এর আগে তৃণমূল নেত্রী পাওনা মেটানোর দাবি জানিয়ে এসেছিলেন। এখন কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া টাকা দাবি করছেন তিনি।
সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বিতর্ককে উসকে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয়ে কথা বলুক। লোকসভার বাইরে দাঁড়িয়ে এমনই মন্তব্য করেছিলেন মন্ত্রী। তারপর থেকেই প্রধানমন্ত্রী ও বাংলার মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠকের জোরালো সম্ভাবনা তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে, আলোচনার টেবিলে কতটা বরফ গলতে পারে?
মুখ্যমন্ত্রী আগে জানিয়েছিলেন, একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার বঞ্চনা নিয়ে তিনি দরবার করেছেন। প্রকল্পের আটকে থাকা টাকা চেয়েছেন তিনি। কিন্তু কোনও সুরাহা হয়নি। এবার কি সুরাহা হবে? বকেয়া পাওনা টাকা কি আসবে বাংলায়?












Click it and Unblock the Notifications