কোভ্যাক্সিন, কোভিশিল্ডের দাম কি কমতে পারে! কোনপথে দেশের ভ্যাকসিন নীতি
কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেকের তরফে দাবি ছিল , তারা এমন এক ভ্যাকসিন তৈরি করবে যা জলের বোতলের থেকেও সস্তা হবে। তবে বর্তমানে বিশ্বের তৃতীয় দামী ভ্যাকসিন হল ভারত বায়োটেকের এই ভ্যাকসিনটি। প্রসঙ্গত, কয়েকদিন আগেই করোনা পরিস্থিতিতে দেশের ভ্যাকসিন নীতিতে কিছু রদবদল আনে মোদী সরকার। এবার শোনা যাচ্ছে যে ফের একবার ভ্যাকসিনের দাম নিয়ে পর্যালোচনায় বসতে পারে কেন্দ্র।

ভ্যাকসিন নিয়ে মোদী সরকার কোনপথে?
সূত্রের খবর, ভ্য়াকসিনের দাম নিয়ে ফের একবার দেশের দুই সংস্থার সঙ্গে আলোচনায় বসতে পারে মোদী সরকার। এর আগেই মোদী সরকার জানিয়েছে যে করোনা পরিস্থিতিতে ২১ জুন থেকে দেশে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে ১৮ থেকে ৪৪ বছর বয়সী দেরও । আর তা দেবে কেন্দ্র। তবে এই ঘোষণার ফলে ভ্যাকসিনের দামের বোঝা কিছুটা পড়বে যাঁরা হাসপাতালের মাধ্যমে ভ্যাকসিন নিচ্ছেন তাঁদের উপর। সেই জায়গা থেকেই এই আলোচনা আসন্ন বলে খবর।

ভ্যাকসিনের দাম ও কেন্দ্রের অবস্থান
এর আগে রাজ্যগুলিকে ভ্যাকসিন কিনে তা প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়। দেখা যায়, কেন্দ্র যে দামে সংস্থার কাছ থেকে টিকাকরণের প্রথম ২ টি দফায় ভ্যাকসিন কিনেছিল, তার চেয়ে বেশি দামে রাজ্যগুলিকে টিকা কিনতে হচ্ছে। এদিকে কেন্দ্র আপাতত কোভিশিল্ডের ৪৪ কোটি ভ্যাকসিন ২৫ কোটি টাক দিয়ে কিনে রেখেছে। ১৯ কোটি টাকা দিয়ে কেনা রয়েছে কোভ্যাকসিন ডোজ। এই ক্রয়ের মূল্য ডোজ প্রতি ১৫০ টাকা। এই জায়গা থেকে ফের একবার ভ্যাকসিনের দামের পুর্নবিবেচনা প্রসঙ্গে পদক্ষেপ নিতে চাইছে কেন্দ্র। এমনই দাবি সূত্রের।

ভ্যাকসিন নীতি কোনপথে?
কেন্দ্র বর্তমানে ১ মে থেকে চালু হওয়া ভ্যাকসিনের তৃতীয় পর্যায় অনুযায়ী দেশে উৎপাদিত ভ্যাকসিনের ৫০ শতাংশ নিজের কাছে রাখছে। আর ২১ জুন থেকে চালু হতে চলা নীতি অনুযায়ী কেন্দ্র ৭৫ শতাংশ ভ্যাকসিন নিজের কাছে রাখবে।

বর্তমানে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের বাজারের দর কত?
প্রসঙ্গত, কোভিশিল্ড বর্তমানে ডোজ প্রতি ৭৮০ টাকা, আর কোভ্যাক্সিন ডোজ প্রতি ১,৪১০ টাকা। এদিকে, সরকার জানিয়েছে, যাঁরা হাসপাতাল থেকে ভ্যাকসিন নিচ্ছেন , তাঁদের ২১ জুন থেকে এই ডোজ প্রতি দামের উপর ১৫০ টাকার পরিষেবা কর দিতে হবে। সঙ্গে থাকছে ৫ শতাংশ জিএসটি।












Click it and Unblock the Notifications