দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে বসবেন বাংলার প্রণব মুখোপাধ্যায়?
নয়াদিল্লি, ৪ অক্টোবর : বেশ কিছুদিন ধরেই রাজধানীর হাই প্রোফাইল এলাকায় এই প্রশ্নটি ঘুরপাক খাচ্ছিল। বাংলার মানুষও জানতে আগ্রহী ছিলেন। বাংলার এই পরিচিত মানুষটিকে দ্বিতীয়বারের জন্য রাষ্ট্রপতি পদে দেখতে পাওয়া যাবে কিনা। তবে এখন মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে যে সম্ভবত এবার হতাশ হতে হবে আমবাঙালিকে।
কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, আগামী বছরের জুলাই মাসে রাষ্ট্রপতি পদের মেয়াদ শেষের পরে প্রণববাবু কোন বাংলোয় থাকবেন সেটাও ঠিক হয়ে গিয়েছে।

দিল্লির হাই প্রোফাইল এপিজে আবদুল কালাম রোডের যে বাংলোয় প্রাক্তন লোকসভা অধ্যক্ষ প্রয়াত পূর্ণ সাংমা থাকতেন, সেই বাংলো নম্বর ৩৪-এ থাকবেন প্রণব মুখোপাধ্যায়।
২০১২ সালে এই পূর্ণ সাংমাকে পিছনে ফেলে রাষ্ট্রপতি পদে মনোনীত হন প্রণববাবু। সেই সাংমার বাস করা বাড়িতেই উঠতে চলেছেন তিনি। আপাতত সেই বাড়িতে প্রয়াত সাংমার পরিবার রয়েছে।
এবং তাঁর পুত্র সি সাংমাও মেঘালয় থেকে সদ্য লোকসভা আসনে জিতে সাংসদ হয়েছেন। তবে এই বাংলোটি তাঁদের সরকারি নিয়মে ছাড়তে হবে। কারণ এই ধরনের বাংলো সর্বোচ্চ পদাধিকারীদের জন্যই ধার্য করা হয়।
যদিও এই বাংলোটিই প্রণব মুখোপাধ্যায়ের জন্য ধার্য করা হয়েছে কিনা তা এখনও সরকারিভাবে স্পষ্ট করে বলা হয়নি। কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে শুধু বলা হচ্ছে, সাংমা পরিবারকে বাড়িটি ছেড়ে দিতে বলা হয়েছে। তবে প্রণববাবু যে দ্বিতীয়বার রাষ্ট্রপতি পদে আসীন হচ্ছেন না তা মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications