উত্তরাখণ্ডের UCC বিল অনুমোদন করলেন রাষ্ট্রপতি! সবার জন্য আনন্দ-গর্বের মুহূর্ত, বললেন মুখ্যমন্ত্রী ধামী
উত্তরাখণ্ডের অভিন্ন দেওয়ানি বিধি বিল অনুমোদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এমনটাই জানিয়েছে উত্তরাখণ্ড সরকার। গত ফেব্রুয়ারিতে দুইদিনের আলোচনার পরে বিধানসভায় এই বিল পাশ করানো হয়েছিল। এই বিল পাশ করানোর ফলে বিবাহ কিংবা বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, লিভ-ইন সম্পর্কের মতো বিষয়গুলিতে সব ধর্মের জন্য একই আইন বলবত হবে।
বুধবার জারি করা উত্তরাখণ্ড সরকারের বিজ্ঞপ্তি অনুসারে ভারতের সংবিধানের ২০১ অনুচ্ছেদের ধীনে রাষ্ট্রপতি ২০২৪-এর ১১ মার্চ উত্তরখণ্ড বিধানসভায় পাশ করা অভিন্ন দেওয়ানি বিধি উত্তরাখণ্ড ২০২৩ বিলে সম্মতি দিয়েছেন।

বিলটি রাজ্য বিধানসভায়ট পাশ হওয়ার পরে অবসরপ্রাপ্ত আইএএস এবং ইউসিসির খসড়া কমিটির সদস্য শত্রুঘ্ন সিং-এর নেতৃত্বে বিধি তৈরির জন্য কমিটি গঠন করা হয়েছিল। সেই খসড়া কমিটির অন্য সদস্যরা হলেন সুরেখা ডাঙ্গওয়াল, মনু গৌর, উত্তরাখণ্ড পুলিশের এডিজি(প্রশাসন) অমিত সিনহা, উত্তরাখণ্ডের আবাসিক কমিশনার অজয় মিশ্র।
বিলটি শুধুমাত্র অভিন্ন দেওয়ানি বিধির বিধান ও বিভাগগুলিকে সংজ্ঞায়িত করলেও কমিটি বিধি তৈরি করলে বিষয়টিকে বাস্তবায়িত করা হবে। প্রসঙ্গত গত ২৪ ফেব্রুয়ারি বিধি তৈরির জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক হয়েছিল। সেই সময় কমিটির তরফে অনলাইনে পরিষেবা প্রদানের মাধ্যমে লিভ-ইন-সম্পর্ক ও বিবাহের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার জন্য একটি উপ কমিটি গঠন করে। এছাড়াও প্রথম বৈঠকে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়ন ও আধিকারিকদের প্রশিক্ষণের জন্য আরও দুটি উপ কমিটি গঠন করা হয়।
এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদন দেওয়াকে গর্বের ও আনন্দের মুহূর্ত বলে অভিহিত করেছেন। বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গি অনুসারে, সরকার নাগরিকদের স্বার্থ রক্ষা ও উত্তরাখণ্ডের আসল প্রকৃতি বজায় রাাখতে দৃঢ় প্রতিজ্ঞ।












Click it and Unblock the Notifications