Droupadi Murmu: 'এক দেশ, এক ভোট'-এ সায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর, প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে কী বার্তা?
Droupadi Murmu: প্রজাতন্ত্র দিবসের আগে দেশবাসীর উদ্দেশে বার্তা রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মুর্মুর। ভাষণে 'এক দেশ, এক ভোট'-এর (One Nation One Election) পক্ষে সওয়াল রাষ্ট্রপতির। সুশসানের পক্ষেই নির্বাচনী ব্যবস্থায় এই সংস্কার বলে ব্যাখা করলেন তিনি। রাষ্ট্রপতির কথায়, সরকারের নীতি পঙ্গুত্ব (Policy Paralysis) নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে 'এক দেশ, এক ভোট'। একইসঙ্গে সম্পদের বৈষম্য দূর করবে ও অর্থনৈতিক বোঝা কম করবে বলে মত রাষ্ট্রপতির।'
এক দেশ, এক ভোট' চালু হলে প্রশাসনের ধারাবাহিকতা বজায় থাকবে বলে এদিন বার্তা রাষ্ট্রপতির। দ্রৌপদী মুর্মু এদিন আরও বলেন, বড় কোনও সংস্কার আনার ক্ষেত্রে সাহসী দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়। সেরকমই এক সাহসী সিদ্ধান্ত 'এক দেশ, এক ভোট' বিল। তা আইন হলে নতুন মাত্রা যোগ হবে সুশাসনে।

একসঙ্গে ভোটের ক্ষেত্রে আর্থিক সাশ্রয় করতে ও প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত না ঘটাতে বারবার 'এক দেশ, এক ভোট'-এর ক্ষেত্রে সায় দিয়েছেন নরেন্দ্র মোদী। আর শনিবার কার্যত একই সুর রাষ্ট্রপতির গলাতেও। 'এক দেশ, এক ভোট' নিয়ে গঠিত প্যানেলের শীর্ষে ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
তিনিও বলেছিলেন, 'এক দেশ, এক ভোট' কখনই অসাংবিধানিক হতে পারে না। ১৯৬৭ সাল পর্যন্ত প্রথম চারটি লোকসভা ভোট ও বিধানসভা ভোট একসঙ্গে হয়েছিল বলে উল্লেখ করেছিলেন কোবিন্দ। সেদিক থেকে একসঙ্গে ভোট করাটা কখনই সংবিধানের বাইরে নয় বলে যুক্তি দেখিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি।
তবে 'এক দেশ, এক ভোট' এর বিরোধিতা করে এসেছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধী দলগুলি। তাদের মতে, একসঙ্গে ভোট করলে তা সংবিধানের মূল কাঠামোকেই নষ্ট করবে। এর তীব্র বিরোধিতা তারা চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন। 'এক দেশ, এক ভোট' এর পরিকল্পনা অগণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী বলে দাবি করে এসেছে কংগ্রেস।
এদিন মোদী সরকারের ভারতীয় ন্যায়সংহিতা প্রবর্তনের প্রশংসা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ব্রিটিশ জমানার ঔপনিবেশিক মানসিকতা থেকে ভারত সরকার ক্রমশ বেরিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি। বলেন, ঔপনিবেশিক মানসিকতা দূর করার মরিয়া প্রচেষ্টা চালানো হচ্ছে। এহেন সিদ্ধান্তের জন্য বলিষ্ঠ নেতৃত্বেরই প্রয়োজন। ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়মের কথাও উল্লেখ করেন তিনি।












Click it and Unblock the Notifications