কার দখলে যাবে উত্তর প্রদেশ, কংগ্রেসের অবস্থাই বা কী? গোয়া নিয়ে তৃণমূলের অভিযোগের জবাব প্রশান্ত কিশোরের
কার দখলে যাবে উত্তর প্রদেশ, কংগ্রেসের অবস্থাই বা কী? গোয়া নিয়ে তৃণমূলের অভিযোগে জবাব প্রশান্ত কিশোরের
দেশের ৫ রাজ্যে নির্বাচন। তার মধ্যে সব থেকে বড় উত্তর প্রদেশ (uttar pradesh assembly election 2022) । সঙ্গে রয়েছে গোয়ার (goa) মতো ছোট রাজ্য। যেখানে আইপ্যাক তৃণমূলের (Trinamool Congress) হয়ে কাজ করছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রশান্ত কিশোর (Prashant Kishor) উত্তর প্রদেশের ফল নিয়ে মত প্রকাশ করেছেন। পাশাপাশি গোয়া নিয়েও দিয়েছেন উত্তর।

উত্তরপ্রদেশে কেমন হবে ফল
দ্য অয়্যারকে দেওয়া সাক্ষাৎকারে উত্তর প্রদেশের ফল নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, সেখানে কী হবে কেউই বলতে পারেন না। ফলাফল কী হবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী করা মুশকিল বলেও জানিয়েছেন তিনি। তবে উত্তর প্রদেশের ফলাফল যাই হোক না কেন, ২০২৪-এর সাধারণ নির্বাচনের আগে তাকে সেমিফাইনাল হিসেবে দেখা উচিত হবে না বলেও মন্তব্য করেছেন তিনি। এব্যাপারে তিনি ২০১২ সালের উত্তর প্রদেশের নির্বাচনের কথা উল্লেখ করেছেন। বলেছেন সেই নির্বাচনে বিজেপি ফল খারাপ করেছিল। কিন্তু ২০১৪-র লোকসভা নির্বাচনে কার্যত তার বিপরীত ফল হয়েছিল।

ভিড় দেখে ফল নির্ণয় করা যায় না
একদিকে অখিলেশ যাদব অন্যদিকে যোগী আদিত্যনাথ কিংবা অমিত শাহ সবার সভাতেই ভিড় হচ্ছে। এব্যাপারে প্রশান্ত কিশোরকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন, ভিড় দেখে ফল বিচার করা ভুল হবে। প্রশান্ত কিশোর বলেছেন উত্তর প্রদেশের নির্বাচনে লড়াই মূলত দুটি দলের মধ্যে বিজেপি এবং এসপি। কংগ্রেস এবং বহুজন সমাজপার্টি তৃতীয় ও চতুর্থস্থানের জন্য লড়াই করছে।

উত্তর প্রদেশে মেরুকরণ আগের মতোই
এবারে উত্তর প্রদেশের নির্বাচনে মেরুকরণ সম্পর্কি প্রশান্ত কিশোর বলেছেন, আগের নির্বাচনগুলির থেকে আলাদা কিছু হবে না। এব্যাপারে তিনি তথ্য তুলে ধরে বলেছেন, ৫০ শতাংশ হিন্দু মেরুকরণের দ্বারা প্রভাবিত হতে পারেন। কিন্তু বাকিরা হবেন না। এব্যাপারে ২০২২-এর ভোটে মেরুকরণ বেশি হবে বলে তিনি মনে করছেন না বলে জানিয়েছেন প্রশান্ত কিশোর।

পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া নিয়েও উত্তর
প্রশান্ত কিশোর পঞ্জাব, উত্তরাখণ্ড এবং গোয়া নিয়েও প্রশ্নের উত্তর দিয়েছেন। গোয়ার নির্বাচনের পরেই সেখানকার তৃণমূল সভাপতি কিরণ কোন্দলকার প্রশান্ত কিশোর এবং আইপ্যাকের বিরুদ্ধে অভিযোগ করে বলেছিলেন, নির্বাচনের পর তাঁরা প্রার্থীদের ছেড়ে চলে গিয়েছেন। এব্যাপারে প্রশান্ত কিশোর বলেছেন, তিনি গোয়ায় ছিলেন। তবে তৃণমূলে প্রচারে তিনি জড়িত ছিলেন না। পরিস্থিতির পর্যবেক্ষণ করতেই তিনি গোয়ায় গিয়েছিলেন বলে জানিয়েছেন ভোটকুশলী।

কংগ্রেসের অবস্থান কোথায়
কংগ্রেস সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, যে ভাবধারায় কংগ্রেস চলেছিল, বর্তমানে তা গ্রহণযোগ্য কিনা তা দেখতে হবে। তিনি বলেছেন, কংগ্রেসের যে জায়গা, তা কোনও আঞ্চলিক দল পূরণ করতে পারবে না। আবার তা বিজেপিও নিতে পারবে না। আর কংগ্রেস না পূরণ করতে না পারলে সেইভাবেই থেকে যাবে বলেও মনে করেন তিনি। তবে রাহুল গান্ধী সম্পর্কে কোনও মন্তব্য করতে তিনি অস্বীকার করেছেন।












Click it and Unblock the Notifications