Prashant Kishor: মুসলিমদের জন্য সংরক্ষণ! প্রশান্ত কিশোরের বক্তব্য নিয়ে 'রাজনৈতিক ঝড়'
Prashant Kishor: শেষ রাজনৈতিক দলের উপদেষ্টা ছিলেন তৃণমূল কংগ্রেসের। ২০২১-এর মে মাসের পরে তিনি রাজনৈতিক উপদেষ্টার পদ থেকে সরে আসেন। তারপর সরাসরি বিহারের রাজনীতিতে প্রবেশ। ২০২২-এর ২ অক্টোবর থেকে বিহারে যে জন সুরাজ যাত্রা শুরু করেছিলেন, তা শেষ হবে এবছরের সেপ্টেম্বরে। তারপর দোসরা অক্টোবরে নিজের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরু।
ইতিমধ্যেই প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন তিনি ২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনে সব আসনে প্রার্থী দেবেন। সেখানে কতজন মুসলিম প্রার্থী থাকবেন, তাও জানিয়েছেন ইতিমধ্যে।

বিহারে 'রাজনৈতিক ঝড়'
প্রশান্ত কিশোরের একটি বক্তব্য নিয়ে বিহারে কার্যত রাজনৈতিক ঝড় উঠেছে। তিনি পটনার জ্ঞান ভবনে জন সুরাজের অনুষ্ঠানে যোগ দিয়ে মুসলিমদের সংরক্ষণ নিয়ে সম্প্রতি একটি বিবৃতি দিয়েছেন অনুষ্ঠানটি ছিল প্রশান্ত কিশোরের ডিজিটাল সহকর্মীদের ভূমিকা এবং মুসলিমদের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে।
কিছু বলতে নারাজ
অনুষ্ঠান শেষে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি এনআরসি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন, এখন মুসলিমদের জন্য সংরক্ষণ নিয়ে কী বলবেন? প্রশ্নের উত্তরে প্রথমে কিছুক্ষণ চুপ থাকেন প্রশান্ত কিশোর তারপর আবারও একই প্রশ্নে তিনি বলেন, এই লড়াইয়ে মুসলিমদের জড়াবেন না। তারপরেও সাংবাদিকরা এব্যাপারে কিছু বলতে প্রশান্ত কিশোরের ওপর চাপ তৈরি করেন। সেই সময় প্রশান্ত কিশোর কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে যান।
আগেই ঘোষণা পিকের
দিন কয়েক আগে জন সুরাজের প্রচারে প্রশান্ত কিশোর বলেছিলেন, ২০২৫-এর বিহার বিধানসভা নির্বাচনে তাঁর দল ৭৫ জন মুসলিমকে টিকিট দেবে। ৪০ জন মহিলাকেও প্রার্থী করা হবে। যদিও পটনার অনুষ্ঠানে তিনি মুসলিমদের সংরক্ষণ নিয়ে প্রশ্নে কিছু বলতে অস্বীকার করেন।
বিজেপির হাতিয়ার
প্রসঙ্গত, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে মুসলিমদের সংরক্ষণ বিষয়টি নিয়ে বিজেপি কংগ্রেসকে নিশানা করেছিল। বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছিলেন, কংগ্রেস ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা বলে অত্যন্ত অনগ্রসর এবৃং অনগ্রসর শ্রেণির মানুষের অধিকার কেড়ে নিচ্ছে। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে কিছু শোনা না গেলেও, প্রশান্ত কিশোর বিহারের নির্বাচনে ৭৫ জন মুসলিম প্রার্থী দেওয়ার কথা বলতেই তা আবার সামনে চলে আসে।
২ অক্টোবর নতুন দল
আগামী ২ অক্টোবর প্রশান্ত কিশোর আনুষ্ঠানিকভাবে জন সুরাজ পার্টি গঠন করতে চলেছেন। তার আগেই তিনি জানিয়েছেন, বিহার নির্বাচনে কোন দলের সঙ্গে তিনি জোট করবেন না। মুখ্যমন্ত্রীর পদের বাসনাও তাঁর নেই। তিনি দেখতে চান. একদিন গুজরাত, মহারাষ্ট্র, হরিয়ানা, তামিলনাড়ু, পঞ্জাব-সহ সারা ভারতের মানুষ বিহারে এসে কর্মসংস্থান পাচ্ছে।












Click it and Unblock the Notifications