বিজেপিকে কোণঠাসা করতে নয়া কৌশল, পাওয়ারকে রাষ্ট্রপতি চেয়ে দুয়ারে পিকে
বিজেপিকে কোণঠাসা করতে নয়া কৌশল, পাওয়ারকে রাষ্ট্রপতি চেয়ে দুয়ারে দুয়ারে পিকে
ভোট কৌশলী প্রশান্ত কিশোর সম্প্রতি কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছেন। জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির বা এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গেও তিনি যে একাধিকবার আলোচনার টেবিলে বসেছেন। এই দুইয়ের মধ্যে সমন্বয়ে রাজনৈতিক মহল মনে করছে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শারদ পাওয়ারের জন্য লবি করছেন পিকে।

শারদ পাওয়ারের সঙ্গে তিনবার সাক্ষাৎ পিকের
রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে যে, প্রশান্ত কিশোর শরদ পাওয়ারকে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হিসাবে তুলে ধরতে চাইছেন। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফলের পরে প্রশান্ত কিশোর শারদ পাওয়ারের সঙ্গে তিনবার সাক্ষাৎ করেছেন। শারদ পওয়ারের নয়াদিল্লির বাসভবনে বৈঠকের পর রাহুলের বাসভবনে পিকের আগমনে জল্পনা চরমে উঠেছে।

বিজেপিকে মোকাবিলায় বিরোধী ঐক্য গঠনে জোর
শারদ পাওয়ারের সঙ্গে বৈঠকগুলি থেকে অনুমান করা হয়েছিল, প্রশান্ত কিশোর বিধানসভা নির্বাচনের পরবর্তীকাল ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপিকে মোকাবিলায় বিরোধী ঐক্য গঠনের চেষ্টা করছেন। তবে প্রশান্ত কিশোর এমন অনুমানকে প্রত্যাখ্যান করেছেন। বিজেপিকে মোকাবিলায় তাঁর আস্থা নেই যে তৃতীয় ফ্রন্ট বা চতুর্থ ফ্রন্ট ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে চ্যালেঞ্জ জানাতে পারে।

পরের বছর রাষ্ট্রপতি নির্বাচন, পিকের মাথায় প্ল্যান
তবে সূত্রের খবর, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তাঁর বৈঠক বিজেপি এবং নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বিরোধীদের রাজনৈতিক লড়াইয়ে এক নতুন মাত্রা যুক্ত করেছে। এটি পরের বছর রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে শুরু হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। প্রশান্ত কিশোর সেই সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গেম-চেঞ্জার
প্রশান্ত কিশোর মনে করেন, ওড়িশার মুখ্যমন্ত্রী এবং বিজু জনতা দলের নেতা নবীন পট্টনায়েকের এনডিএ-র সঙ্গে যোগ দিলেও রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী প্রার্থীর পক্ষে অনুকূল হয়ে উঠবে। শক্তিশালী বিরোধী ঐক্যই একমাত্র বিজেপিকে হতাশ করতে পারে। এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে গেম-চেঞ্জার হতে পারে।

কংগ্রেসকেই বিরোধী বোর্ডের নেতৃত্ব দেওয়া দরকার
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে ভালো ব্যক্তিগত সম্পর্কের জেরে প্রশান্ত কিশোরের পক্ষে বিরোধীদের একাসনে বাঁদার কাজ সহজ হতে পারে। তবে এক্ষেত্রে তিনি কংগ্রেসকেই বিরোধী বোর্ডের নেতৃত্ব দেওয়া দরকার বলে তিনি মনে করেন।

কংগ্রেস নেতৃত্বকে পরিকল্পনা সম্পর্কে জানালেন পিকে
মঙ্গলবার রাহুল গান্ধীর বাসভবনে প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠক তাই বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। রাহুলের সঙ্গে প্রিয়াঙ্কা ছাড়াও এই বৈঠকে ভিডিও কনফারেন্সে ছিলেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীও। প্রিয়াঙ্কা গান্ধী এই বৈঠকে যোগ দিতে তাঁর লখনউ সফর পিছিয়ে পর্যন্ত দেন। সূত্র জানিয়েছে, প্রশান্ত কিশোর কংগ্রেস নেতৃত্বকে তাঁর পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন।












Click it and Unblock the Notifications