প্রজাতন্ত্র দিবস ২০২৫: কর্তব্যপথে সকলের নজর কাড়বে ‘প্রলয়’
প্রজাতন্ত্র দিবসে কর্তব্যপথে প্রলয় দেখা যাবে! প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হামলা রুখতে মোতায়েন থাকা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এই প্রথমবার দেখা যাবে দিল্লির কর্তব্যপথে।
ভারতের প্রথম দেশীয় স্বল্প-পাল্লার সারফেস-টু-সারফেস ক্ষেপণাস্ত্র, প্রলয়, এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রদর্শিত হবে। এটি ভারতের সামরিক প্রযুক্তিতে অগ্রগতি এবং প্রতিরক্ষায় জোরাল ক্ষমতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলেই মনে করা হচ্ছে।

প্রলয় ক্ষেপণাস্ত্রটি ১৫০-৫০০ কিলোমিটারের মধ্যে আঘাত করতে সক্ষম এবং ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO) দ্বারা পরীক্ষিত। প্রতিরক্ষা সচিব আর কে সিং উল্লেখ করেছেন যে ভবিষ্যতে সামরিক ক্ষেত্রে প্রায় ২৫০টি প্রলয় ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। এই ক্ষেপণাস্ত্র দেশের প্রতিরক্ষায় একটি নতুন অধ্যায় সূচনা করবে।
এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ভারতের সংবিধান প্রণয়নের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে। ফলে অনুষ্ঠান থেকে ট্যাবলো চিন্তায়, থাকছে তারই ছোঁয়া। যা জানা যাচ্ছে, কর্তব্য পথ ধরে ৫,০০০-এরও বেশি নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করবেন। অতএব সেদিকে নজর থাকবে আগত অতিথিদের।
একই সাথে, প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর মধ্যে সংহত কার্যক্রমকে তুলে ধরার জন্য একটি ট্যাবলো প্রদর্শিত হবে। ভারতীয় নৌ বাহিনীর আলাদা ট্যাবলো প্রদর্শিত হবে। তবে এবছর কিছু উড়ান জনিত সমস্যার জন্যে প্রজাতন্ত্র দিবসের আকাশে দেখা যাবে না 'ধ্রুব অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার'।
যা জানা যাচ্ছে, প্রজাতন্ত্র দিবসে ৩১টি ট্যাবলো প্রদর্শিত হবে, যার মধ্যে ১৬টি রাজ্য এবং ১৫টি কেন্দ্রীয় মন্ত্রকের ট্যাবলো। ট্যাবলো গুলিতে ভারতের ঐতিহ্য এবং কৃতিত্বের বিভিন্ন দিক তুলে ধরা হবে বলে জানা যাচ্ছে।
ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী প্রবোও সুবিনাতো এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রথমে জানা গিয়েছিল, তাঁর এই সফরের সময় ইন্দোনেশিয়ার কাছ থেকে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনতে পারে ভারত। তবে বর্তমানে এই বিষয়ে কোনও সঠিক তথ্য আর সামনে আসছে না। এই মুহুর্তে সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।
এই বছর কুচকাওয়াজে ভারতের মহান ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা জানানোও হবে। বিরসা মুন্ডা এবং সর্দার বল্লভভাই প্যাটেল-এর ১৫০তম জন্মবার্ষিকী উদযাপন হবে। একই সাথে ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছরের পূর্তিও উদযাপন হবে।
প্রায় ৭৭,০০০ দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে, যার মধ্যে বিশেষ আমন্ত্রিত অতিথিদের মধ্যে থাকবেন গ্রামীণ ভারতের গুরুত্বপূর্ণ সরপঞ্চ এবং কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে দক্ষ ব্যক্তিরা। এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ভারতের সামরিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক অগ্রগতির একটি অনন্য সমন্বয় হয়ে উঠবে। প্রলয় ক্ষেপণাস্ত্রের আত্মপ্রকাশ এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে আরও গৌরব বাড়াবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications