‘কিং’ হবেন কিংমেকার! টিপ্রাল্যান্ডের দাবিতেই কি বাজিমাত করবেন টিপ্রামোথা সুপ্রিমো
রাজ্যের ২০টি উপজাতি সংরক্ষিত আসনগুলিতে এবার টিপ্রামোথার বিশাল দাপট। প্রদ্যোৎকিশোরের জনপ্রিয়তা জনজাতি সমাজে ঈর্ষণীয়। জনজাতি মহলে তাঁকে সবাই ডাকেন 'বুবগরা' বলে।
ত্রিপুরা ভোটের লাইমলাইট এখন টিপ্রামোথার দিকে। টিপ্রামোথা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর বিক্রম মাণিক্য দেববর্মা এবার টিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে ভোটে লড়ছেন। পৃথক রাজ্যের সেই দাবি আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে কিংমেকার হিসেবে আবির্ভূত করতে পারে।
রাজনৈতিক মহলের চোখ এখন ত্রিপুরা রাজপরিবারের সন্তান তথা প্রাক্তন রাজ্য কংগ্রেস সভাপতির প্রদ্যোৎকিশোরের দিকে। মাত্র দু-বছর আগে টিপ্রামোথা তৈরি করেছিলেন প্রদ্যোৎ। এরই মধ্যে উপজাতি মহলে টিপ্রামোথা সাড়া ফেলে দিয়েছে। টিপ্রামোথা সুপ্রিমো নয়নের মণি হয়ে উঠেছেন ত্রিপুরার আদিবাসী এলাকায়।

বিশেষজ্ঞরা ধরে নিয়েছেন এবার উপজাতি অধ্যুষিত ২০টি আসনে ভালো ফলে করবে টিপ্রামোথা। পরিস্থিতি এমনই হতে পারে টিপ্রামোথা নিতে পারে কিংমেকারের ভূমিকা। রাজ্যের জনসংখ্যার প্রায় ৩২ শতাংশ উপজাতি ভোট। এই ভোটের সিংহভাগ যদি টিপ্রামোথার দিকে যায়, তবে তা অনেকের কাছেই মাথাব্যথার কারণ হয়ে উঠবে।
টিপ্রামোথার উত্থান দেখেই অনেকেই চেয়েছিল তাদের সঙ্গে জোট করে বিধানসভা নির্বাচনে লড়তে। এমনকী বিজেপিও জোট আলোচনা চালিয়েছিল। কিন্তু শেষমুহূর্তে টিপ্রাল্যান্ড ইস্যুতেই জোট-আলোচনা ভেস্তে যায়। কংগ্রেস-সিপিএমের সঙ্গে তাদের জোট না হলেও অঘোষিত সমঝোতা হয়েছে। ফলে এবারের নির্বাচনে টিপ্রামোথার উত্থান বিজেপির কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে দিয়েছে।
রাজ্যের ২০টি উপজাতি সংরক্ষিত আসনগুলিতে এবার টিপ্রামোথার বিশাল দাপট। প্রদ্যোৎকিশোরের জনপ্রিয়তা জনজাতি সমাজে ঈর্ষণীয়। জনজাতি মহলে তাঁকে সবাই ডাকেন 'বুবগরা' বলে। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি এই উপজাতি সমর্থন নিয়ে বিজেপিকে এবার বেকায়দায় ফেলতে পারে।
সমতলে বাম-কংগ্রেস যদি একটু ভালো ফল করতে পারে, তবে বিজেপির পক্ষে সরকার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। এমনিতেই বিজেপির সঙ্গে জনজাতি মহলের আইপিএফটির জোট রয়েছে। কিন্তু আইপিএফটি ভাঙতে ভাঙতে টিপ্রামোথায় চলে এসেছে প্রায়। তাদের বিধায়করাও টিপ্রামোথায়, আবার কর্মী-সমর্থকরাও টিপ্রার দিকে।
এখানে উল্লেখ্য, ২০১৯ সালে কংগ্রেসের প্রদেশ সভাপতির পদ ছেড়ে সক্রিয় রাজনীতি থেকে বিরতি নেন প্রদ্যোৎকিশোর। কিন্তু এই বিরতিতেই তিনি উপজাতি এলাকায় গিয়ে জনভিত্তি করে গড়ে তোলেন। টিপ্রামোথা গড়ে তিনি বলে যান ত্রিপুরার পাহাড়ি এলাকার রাজা। রাজ পরিবারের সন্তান প্রদ্যোৎ, এমনিতেই তার নামের আগে ছিল রাজা তকমা। আবার উপজাতিরাও তাঁকে রাজার আসনে বসান।
টিপ্রামোথা দল গড়েই তিনি ২০২১ সালে উপজাতি পরিষদ নির্বাচনে প্রভূত সাফল্য পান। শাসক দল বিজেপিকে পরাজিত করে তিনি উপজাতি পরিষদের দখল নেন। এবার তারা ৬০ আসনের ত্রিপুরায় ৪২ আসনে তারা প্রার্থী দিয়েছে। উপজাতি এলাকায় সবথেকে শক্তিশালী দলে রূপান্তরিত হওয়ার পর এখন ত্রিপুরায় কিংমেকার হওয়ার দৌড়ে প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা।












Click it and Unblock the Notifications