Poll Of Polls: পাঁচ রাজ্যে কাদের পাল্লা ভারী? বুথ ফেরত সমীক্ষা মিললে কে ধরে রাখবে ক্ষমতা, কোথায় নয়া সরকার?
Poll Of Polls: দেশের পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষিত হবে রবিবার। আজ ভোটগ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন সংবাদমাধ্যম ও সংস্থার মাধ্যমে প্রকাশিত হয়েছে এগজিট পোল।
বুথ ফেরত সমীক্ষা যে সঠিকভাবে মেলে, তেমন গ্যারান্টি নেই। আবার হুবহু মিলতেও দেখা গিয়েছে। একনজরে দেখে নেওয়া যাক, এগজিট পোলের ভিত্তিতে কোন রাজ্যে কার দিকে পাল্লা ভারী। কে দখলে রাখবে ক্ষমতা, কোথায় নয়া সরকার গঠনের সম্ভাবনা।

রাজস্থানে ম্যাজিক ফিগার ১০১। বর্তমানে সেখানে ক্ষমতাসীন কংগ্রেস। বিভিন্ন এগজিট পোল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে কংগ্রেসের আসন এবার থাকবে ৭৫ থেকে ৯১-এর মধ্যেই। বিজেপি পেতে পারে ৯৮ থেকে ১১৪টি আসন। অন্যান্যরা পেতে পারে ৯ থেকে ৬টি আসন। রাজস্থানে বিধানসভার মোট আসন ২০০। তবে এক কংগ্রেস বিধায়কের মৃত্যুতে ভোট হয়েছে ১৯৯টি আসনে।
ছত্তিশগড়ে বিধানসভার মোট আসন ৯০টি। ম্যাজিক ফিগার ৪৬। সমস্ত এগজিট পোলের সংখ্যার গড় করে পোল অব পোলস অনুযায়ী, ক্ষমতাসীন কংগ্রেস পেতে পারে ৪৬-৫৫টি আসন। বিজেপি পেতে পারে ৩৩ থেকে ৪২টি আসন। অন্যান্যদের ঝুলিতে ১ থেকে ৫টি আসন যেতে পারে।
মধ্যপ্রদেশে ২৩০টি আসন, ম্যাজিক ফিগার ১১৬। ২০১৮ সালে বিধানসভা নির্বাচনের ফল ত্রিশঙ্কু হয়েছিল। এরপর কংগ্রেসই সরকার গড়ে। তবে ২০২০ সালে কংগ্রেসের ২২ বিধায়ক বিজেপিতে যোগদান করেন। কমল নাথ সরকার পড়ে যেতেই শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী হন।
পোল অব পোলস অনুযায়ী মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা দখলে রাখতে পারে। পোল অব পোলসের তথ্য বলছে, কংগ্রেস পেতে পারে ৯৩ থেকে ১০৬টি আসন। বিজেপি পেতে পারে ১২০ থেকে ১৩৪টি আসন। অন্যান্যরা ১ থেকে ৫টি আসন পেতে পারে।
তেলেঙ্গানায় ১১৯টি আসন। ম্যাজিক ফিগার ৬০। দুই টার্ম ক্ষমতায় থেকেছে ভারত রাষ্ট্র সমিতি বা পূর্বতন তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। এবার কেসিআর সরকার পড়ে যাওয়ার ইঙ্গিত পোল অব পোলসে। এবারের নির্বাচনে বিআরএস পেতে পারে ৩৫ থেকে ৪০টি আসন। কংগ্রেস পেতে পারে ৬৫ থেকে ৬৮ আসন, বিজেপি পেতে পারে ৭ থেকে ১০টি আসন। অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন বা মিম ৬ থেকে ৭টি এবং অন্যান্যরা ১ থেকে ২টি পেতে পারে।
মিজোরামে ৪০টি আসন, ম্যাজিক ফিগার ২১। সেই ম্যাজিক ফিগার গত বিধানসভা ভোটে পেরিয়ে গিয়েছিল মিজো ন্যাশনাল ফ্রন্ট। পেয়েছিল ২৬টি আসন। কংগ্রেস জেতে ৫টিতে, জোরাম পিপলস মুভমেন্ট জেতে ৮টিতে, বিজেপি পায় ১টি আসন। এবার অবশ্য কোনও দলই এককভাবে ম্যাজিক ফিগারে পৌঁছতে পারবে না, আভাস পোল অব পোলসে।
পোল অব পোলসের তথ্য অনুযায়ী, ক্ষমতাসীন এমএনএফের আসন কমে হতে পারে ১৪ থেকে ১৯। জেডপিএম পেতে পারে ১১ থেকে ১৭টি আসন। বিজেপি ১ থেকে ২টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে ৬ থেকে ১০টি আসন। এই আভাস মিললে মিজোরামে কারা সরকার গড়বে তা চিত্তাকর্ষক হয়ে দাঁড়াবে।












Click it and Unblock the Notifications