রাজ্যে আমলা ও পুলিশের শীর্ষ স্তরে বদল আনল কমিশন, তুঙ্গে রাজনৈতিক তরজা
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরপরই রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি-সহ একাধিক আমলা ও পুলিশের শীর্ষ স্তরে রদবদল করেছে নির্বাচন কমিশন। তা নিয়েই সরগরম রাজধানী।
মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে যেভাবে গভীর রাতে বদল করা হয়েছে তার প্রতিবাদে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেছে তৃণমূল কংগ্রেস। তুঙ্গে রাজনৈতিক তরজা।

বিরোধী দলগুলো নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির ইশারায় কাজ করার অভিযোগ তুলেছে। অন্যদিকে, বিজেপি পাল্টা অভিযোগ করেছে যে বিরোধীরা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে হেয় করার চেষ্টা করছে।
সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সংসদ ভবনের অভ্যন্তরে সাংবাদিকদের জানান, যেখানে বিজেপি ক্ষমতায় নেই, সেখানে আধিকারিকদের প্রায়শই সরিয়ে দেওয়া হয়। তিনি অভিযোগ করেন, "যখনই নির্বাচন হয়, এবং দিল্লি-শাসিত দলের সরকার না থাকলে, সবার প্রথমে ডিজিপি ও মুখ্য সচিবকে সরানো হয়। বিজেপি নেতারা কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে ইচ্ছাকৃতভাবে এঁদের সরিয়েছেন।"
এ ছাড়াও তিনি উত্তরপ্রদেশের উদাহরণ দেন, যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে, সেখানে কেন একই ধরনের পদক্ষেপ করা হয়নি তা নিয়ে প্রশ্ন তোলেন। অখিলেশ যাদব বলেন, "উত্তরপ্রদেশে নির্বাচনের সময় ডিজিপিকে কখনও সরানো হয়নি। নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকি যে কর্মকর্তাদের পরিবারের সদস্যরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, তাঁদেরও সরানো হয়নি।" তিনি অভিযোগ করেন, কমিশন বিজেপির ইশারায় কাজ করছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন গতকাল ঘোষণা করে যে পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনে বিধানসভা নির্বাচন দুটি ধাপে ২৩ ও ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। ভোট গণনা হবে ৪ মে। এই ঘোষণার পর শীর্ষ আধিকারিকদের বদলি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয় জোরদার আলোচনা। যাঁদের সরানো হয়েছে তাঁদের কোনওভাবে নির্বাচনের কাজে রাখা যাবে না বলেও স্পষ্ট করেছে কমিশন।
শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতারাও নির্বাচন কমিশনের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। দলের সাংসদ সৌগত রায় একে "ভুল" এবং "পশ্চিমবঙ্গের বিরুদ্ধে একটি পদক্ষেপ" বলে মন্তব্য করেন। আরেক তৃণমূল সাংসদ কীর্তি আজাদ অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির "বর্ধিত শাখা" হিসাবে কাজ করছে।
তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ দাবি করেন, গভীর রাতে এই বদলি নির্দেশিকা প্রমাণ করে যে কমিশন নির্বাচিত রাজ্য সরকারকে ক্ষতি করার জন্য তাদের ক্ষমতার অপব্যবহার করছে। তিনি বলেন, "ভোর ৪টায় যেভাবে নির্বাচন কমিশন বাংলার স্বরাষ্ট্রসচিব এবং মুখ্যসচিবকে বদলি করেছে, তা স্পষ্ট যে তারা বাংলার নির্বাচিত সরকারকে ক্ষতিগ্রস্ত করতে ক্ষমতার অপব্যবহার করছে। আমরা এই বিষয়টি সংসদে উত্থাপন করেছি এবং সারাদিন ওয়াকআউট করেছি।"
সাগরিকা ঘোষ আরও অভিযোগ করে বলেন, রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ "অ্যাডজুডিকেশন লিস্টে" আছেন এবং তাঁদের ভোটাধিকার বঞ্চিত করা হতে পারে। তিনি দাবি করেন, "নির্বাচন কমিশন খোলাখুলিভাবে একপেশে আচরণ করছে। এটি কাজ করবে না এবং বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবে।"
বিরোধীদের পাল্টা আক্রমণ করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি। তিনি বিরোধীদের বিরুদ্ধে এই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টার অভিযোগ তোলেন। তৃণমূলের সমালোচনা করে তিনি আরও বলেন, "পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনও ভবিষ্যৎ নেই। তারা যত খুশি চিৎকার করুক, মানুষ বাংলাকে বাংলাদেশ হতে দেবে না।"
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরও বিরোধীদের, বিশেষ করে কংগ্রেসকে, ভারতের সুনাম নষ্ট ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার জন্য অভিযুক্ত করেন। তিনি বলেন, "নির্বাচনের সময় কর্মকর্তাদের বদলি করা এবারই প্রথম নয়। নির্বাচন কমিশন যখনই প্রয়োজন মনে করেছে, তখনই কর্মকর্তাদের বদলি করেছে।"
সংসদে গঠনমূলক অংশগ্রহণের পরিবর্তে বিশৃঙ্খলা সৃষ্টির দিকে বিরোধীদের মনোযোগের অভিযোগ করে ঠাকুর বলেন, তাদের নেতারা বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন-সহ সাংবিধানিক সংস্থাগুলোকে প্রায়শই প্রশ্নবিদ্ধ করেন। তিনি অভিযোগ করেন, "বিরোধীদের কাজ এখন সংসদে সংঘাত ও বাধা সৃষ্টি করা। রাহুল গান্ধী প্রতিদিন একটি নতুন প্রচারমূলক গল্প চালু করার চেষ্টা করেন।"












Click it and Unblock the Notifications