Modi In Ayodhya: অযোধ্যায় মোদীর চমক! উজ্জ্বলা উপভোক্তার বাড়িতে গিয়ে কী করলেন প্রধানমন্ত্রী?
Modi In Ayodhya: অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হবে জানুয়ারি। ২২ জানুয়ারি মন্দিরের উদ্বোধন। তার দিন ছয়েক আগে থেকেই শুরু হয়ে যাবে আচার-অনুষ্ঠান।
তার আগে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা সফরে। শহরের পরিকাঠামোর উন্নয়নে রেল স্টেশন, বিমানবন্দর-সহ বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও করেছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে এদিন স্বভাবসিদ্ধভাবে চমকও দিলেন।

মোদী এদিন হঠাৎই চলে যান এক উজ্জ্বলা উপভোক্তার বাড়িতে। সেখানে বসে চা পানও করেছেন। যে মহিলার বাড়িতে এদিন প্রধানমন্ত্রী হাজির হলেন তিনি উজ্জ্বলা প্রকল্পের ১০ কোটিতম উপভোক্তা। নিঃসন্দেহে যেমন তাঁর গ্রাহক সংখ্যা একটি মাইলস্টোন, তেমনই তাঁর বাড়িতে প্রধানমন্ত্রীর যাওয়া, চা পান স্মরণীয় হয়েই থাকল।
এখানেই শেষ নয়। নরেন্দ্র মোদী শিশুদের আবদার মিটিয়ে তাদের সঙ্গে সেলফি তুলেছেন। বিলিয়েছেন অটোগ্রাফ।অযোধ্যার ক্ষেত্রে আজকের দিনটি খুবই উল্লেখযোগ্য এক মাইলস্টোন। এদিনই সংস্কার হওয়া অযোধ্যা ধাম রেল স্টেশন, মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম, নতুন অমৃত ভারত, নতুন বন্দে ভারত-সহ বেশ কিছু প্রকল্পেরও এদিনই উদ্বোধন করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী।
২২ জানুয়ারির জন্য ইতিমধ্যেই সাজো সাজো রব অযোধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে একঝাঁক কেন্দ্রীয় মন্ত্রীর ওইদিন হাজির থাকার কথা রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গের সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। ৪ হাজার সাধু সমাগমও হবে বলে জানা যাচ্ছে।
মোদীকে স্বাগত জানাতে আজ ফুল, ম্যুরাল, নানা অলঙ্কৃত স্তম্ভ দিয়ে সাজানো হয়েছে অযোধ্যা। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। মোদীর ছবি, কাটআউট লাগানো হয়েছে। রেল স্টেশনে রাখা হয়েছে শ্রী রামচন্দ্রের বড় কাটআউট। রাম পথ থেকে অযোধ্যা বিমানবন্দর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। আজ সকাল থেকে রাস্তায় রাস্তায় বাজানো হয়েছে ভক্তিগীতি। মন্দিরগুলিতে ঘণ্টা বাজানো, মন্ত্রোচ্চারণের বন্দোবস্তও করা হয়েছিল।












Click it and Unblock the Notifications