ছত্তিশগড়ে কংগ্রেসের ভুয়ো প্রচার আর কেলেঙ্কারির সরকার! তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
ছত্তিশগড়ে প্রচারে গিয়ে সেখানকার কংগ্রেস সরকারকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেখানকার সরকারকে দুর্নীতি আর ক্রমবর্ধমান অপরাধের সরকার বলে আক্রমণ করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের সরকারকে কেলেঙ্কারির সরকার বলেও আক্রমণ করেছেন।
বস্তারের জগদলপুরে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ছত্তিশগড়ের অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস মাত্র ৫ বছরে ছত্তিশগড়ে যে অবস্থা তৈরি করেছে তা গোটা দেশ দেখেছে। প্রত্যেকেই কৃতকর্মে বিরক্ত বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীর অভিযোগ ছত্তিশগড়ে অপরাধ চরমে। সেখানকার মন্ত্রী ও বিধায়কদের মধ্যে দুর্নীতি ছড়িয়ে পড়েছে।

কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেস শাসিত অপর রাজ্য রাজস্থানের কথাও টেনে আনেন। তিনি বলেন, কখনও কখনও মনে হয়, ছত্তিশগড় ও রাজস্থানের মধ্যে প্রতিযোগিতা চলছে, কোথায় সব থেকে বেশি খুন হয়, সব থেকে বেশি লুট হয়, সব থেকে বেশি নারী নির্যাতন হয়।
ছত্তিশগড়ে উন্নয়নের অভাবের অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি কংগ্রেসকে মিথ্যা প্রচারে মনোনিবেশ করার এবং তাদের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ কংগ্রেস ছত্তিশগড়ে শুধু মিথ্যা প্রচার ও ঘোটালেবাজ সরকার দিয়েছে।
প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন, কংগ্রেস বছরের পর বছর ধরে বস্তারকে অবহেলা করেছে। তারা কখনও জনগণের স্বার্থের কথা ভাবেনি। বিজেপি রাজ্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সবাই জানেন এখানকার আদিবাসী মানুষদের জন্য বাজেটে বিজেপি কংগ্রেসের পাঁচগণ বরাদ্দ করেছে।
বস্তারের এনএমডিসি স্টিল প্ল্যান্টের কথা উল্লেখ করে তিনি বলেন, বস্তারের ইস্পাত কারখানাটি এখানকার মানুষের। কোনও কংগ্রেস নেতাকে এই স্টিল প্ল্যান্টের অপব্যবহার করতে দেওয়া হবে না। তিনি বলেছেন, কংগ্রেসীরা তাদের সন্তান ও আত্মীয়দের কোষাগার পূরণের জন্য এই কারখানাটিকে একটি মাধ্যম করে তুলতে চায়। কিন্তু তা হতে দেওয়া যাবে না।












Click it and Unblock the Notifications