সরকার কখনই ধর্ম বা জাতপাতের ভিত্তিতে ভেদাভেদে বিশ্বাসী নয়, বার্তা মোদী
ইতিমধ্যেই বিহার নির্বাচনের আগে শিবসেনা বিজেপির বিরুদ্ধে জাতপাতের রাজনীতি করার অভিযোগ করেছে। শিবসেনার যুক্তি সেনা ও জাতপাতের আবেগকে কাজে লাগিয়েই আসন্ন নির্বাচনে বাজিমাত করতে চাইছে সরকার। পাশাপাশি গত বছর থেকেই তিন তালাক থেকে শুরু করে সিএএ-এনআরসি ইস্যুতেও একাধিকবার সরকারের বিরুদ্ধে ধর্ম ভিত্তিক রাজনীতি করার অভিযোগ তুলেছেন বিরোধীরা। এমতাবস্থায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে একতার বার্তা দিলেন। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কেরলের মার থমা চার্চের ভূমিকা নিয়েও প্রশংসা করেন তিনি।

এদিন কেরালার জোসেফ মার থমা মেট্রোপলিটন চার্চের ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর বার্তা, "সরকার কখনই ধর্মীয় বিশ্বাস, লিঙ্গ, ধর্ম বা ভাষার ভিত্তিতে ভেদাভেদ করে না।" পাশাপাশি তিনি এও জানান যে, সরকার সর্বতোভাবে সংবিধান মেনে চলার চেষ্টা করে। চার্চের সম্বন্ধে বলতে গিয়ে মোদী জানান, "ভারতের স্বাধীনতা সংগ্রামে মার থমা চার্চের বড় ভূমিকা ছিল এবং ভারতের একতা বজায় রাখার পিছনে এই চার্চের অবদান অসামান্য।" তিনি আরও বলেন যে, ভারতীয় মূল্যবোধে সমৃদ্ধ এই চার্চ জরুরি অবস্থার সময়ে যেভাবে দেশবাসীর একতা বজায় রাখার পক্ষে সহায়ক হয়ে ওঠে, তা অনবদ্য।
এছাড়া প্রাণঘাতী করোনা রুখতে ভারতের আংশিক সাফল্যের কথা এদিন শোনা যায় প্রধানমন্ত্রীর গলায়। এই পাশাপাশি এই চার্চের ৯০তম প্রতিষ্ঠা বার্ষিকী থেকেই মোদীর বক্তব্য, "ভারতে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। প্রতি ১০ লক্ষ মানুষে মৃত্যুর হার মাত্র ১২, অন্যদিকে ইতালিতে এই সংখ্যাটি প্রায় ৫৭৪।" একইসাথে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে আমেরিকা, ব্রিটেন, স্পেন ও ফ্রান্সের থেকে ভারতের তুলনামূলক ভালো অবস্থার কথাও। তিনি এও জানান যে, বর্তমান অর্থনৈতিকর সঙ্কট কাটাতে ভারতের একমাত্র পথ 'আত্মনির্ভর' হওয়া। ব্যবসাবাণিজ্য চালু হলেও শারীরিক নিয়মবিধি মেনে চলা আবশ্যিক বলেও জানান তিনি।












Click it and Unblock the Notifications