৬০ বছরের বেশি বয়সী কো-মর্বিডদের করোনার বুস্টার ডোজের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
নতুন বছর ২০২২ কে আহ্বান জানাতে মুখিয়ে রয়েছে গোটা ভারতবর্ষ। তবে এই মুহূর্তে সারা বিশ্বজুড়ে যেভাবে ফের একবার করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে তাতে উৎসবের মরসুমে আনন্দের পাশাপাশি সতর্কতার অত্যন্ত প্রয়োজন রয়েছে। শনিবার বড়দিনে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সে কথাটাই দেশবাসীকে ফের একবার মনে করিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পাশাপাশি দু'টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা তিনি এদিন করেছেন। যার মধ্যে প্রথমটি হল, আগামী বছরের ৩ জানুয়ারি সোমবার থেকে দেশের ১৫ থেকে ১৮ বছর বয়সী নাগরিকদের করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে টিকাকরণ অভিযান শুরু হবে। দ্বিতীয়টি হল, ৬০ বছরের বেশি বয়সীদের যাদের কো-মর্বিডিটি রয়েছে তাদের চিকিৎসকদের পরামর্শ মেনে বুস্টার ডোজের ব্যবস্থা করা হবে।

এই বছরের শুরুতে ভারতে যখন প্রথমবার টিকাকরণ অভিযান শুরু হয় তখন শুরুতে ৪৫ বছরের উর্ধ্বে যারা রয়েছেন তাদের জন্য প্রথমে টিকাকরণের দরজা খুলে দেওয়া হয়েছিল। এর পাশাপাশি যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদেরকেও টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল। পরবর্তীতে মে মাস নাগাদ ১৮ বছরের উর্ধ্বে ভারতীয় নাগরিকদের টিকাকরণের ব্যবস্থা করে কেন্দ্র সরকার।
গত এগারো মাসে সারা ভারতজুড়ে ১৪১ কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। দেশে এবার ১৫ থেকে ১৮ বছর বয়সীদের টিকাকরণের ব্যবস্থা করছে কেন্দ্র সরকার। আগামী বছরের ৩ জানুয়ারি থেকে সারা দেশজুড়ে এই টিকাকরণ প্রক্রিয়া শুরু হবে। এর পাশাপাশি অন্যদের যেভাবে টিকাকরণ চলছিল সেভাবে বাকিদের টিকাকরণ চলবে।
দেশের বিভিন্ন রাজ্যে ইতিমধ্যে ধীরে ধীরে স্কুল-কলেজ খোলা শুরু হয়েছে। তারপরই দেখা গিয়েছে বিভিন্ন রাজ্যে স্কুল এবং কলেজ পড়ুয়ারা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। এই ঘটনায় নিঃসন্দেহে অভিভাবকদের চিন্তা অনেকগুণ বেড়ে গিয়েছিল। তবে এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঘোষণা করলেন তাতে নিশ্চিতভাবেই অভিভাবকেরা কিছুটা নিশ্চিন্ত হবেন। সে কথাই প্রধানমন্ত্রীর বার্তায় উঠে এসেছে। তিনি বলেছেন, ১৫ থেকে ১৮ বছর বয়সী যারা স্কুল-কলেজে যাচ্ছে, তাদের টিকাকরণ হলে নিঃসন্দেহে অভিভাবকেরা দুশ্চিন্তা মুক্ত হবেন।
এর পাশাপাশি যারা করোনা যোদ্ধা, যারা গত প্রায় দু'বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে নিরলস সেবা করে চলেছেন তাদেরকেও আরও ভালো রাখতে কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে যে স্বাস্থ্য কর্মী এবং ফ্রন্টলাইন কর্মীদের ভ্যাকসিনের প্রিকশন ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হবে। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে এই ডোজ দেওয়া হবে।
এর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাও জানিয়েছেন যে, বয়স্ক মানুষদের এবং যারা আগে থেকেই এক বা একাধিক রোগের সঙ্গে লড়াই করছেন, তাদের ক্ষেত্রেও অগ্রিম ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন। তেমনটাই বিশেষজ্ঞ চিকিৎসকেরাও মনে করছেন। আর সেকথা মাথায় রেখেই ৬০ বছরের বেশি বয়সীদের, যাদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরকেও তাঁদের চিকিৎসকের পরামর্শ মেনে বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হবে। এই কাজও শুরু হবে আগামী বছরের ১০ জানুয়ারি থেকে।
পাশাপাশি এদিন জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সতর্ক করে বলেছেন, একদিকে যেমন সর্তকতা অবলম্বন করতে হবে, তার পাশাপাশি এই মহামারী নিয়ে যে রটনা ও ভুয়ো তথ্য নানা জায়গায় পরিবেশিত হচ্ছে তা থেকে সকলকে বাঁচতে হবে। এর পাশাপাশি সারাদেশে করোনা টিকাকরণ প্রক্রিয়া যাতে আরও দ্রুত গতিতে সম্পন্ন করা যায় সেই পথে সকলকে এগিয়ে যেতে হবে।












Click it and Unblock the Notifications