বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ ব্রাজিলের

মোদী যদি ব্রাজিলের এই আমন্ত্রণ গ্রহণ করে রিওতে যান তবে, রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি জি জিনপিং এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি জোকব জুমার সঙ্গে দেখা করার সুযোগ থাকবে নরেন্দ্র মোদীর। কারণ ওই সময়ই ১৫ থেকে ১৭ জুলাই বিআরআইসিএস-এর শীর্ষ সম্মেলন রয়েছে। বিআরআইসিএস হচ্ছে অর্থনৈতিক দিক থেকে উদীয়মান ৫ দেশের সমিতি। যার মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা।
পররাষ্ট্র মন্ত্রকের তরফে এদিন জানানো হয়েছে, ব্রাজিলের তরফে সরকারিভাবে প্রধানমন্ত্রীকে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও বিশ্বকাপ খেলা দেখতে প্রধানমন্ত্রী আগেই ব্রাজিল পৌছবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
সূত্রের খবর অনুযায়ী, বিআরআইসিএস-এর শীর্ষ সম্মেলন প্রথমে মার্চ মাসে হওয়ার কথা ছিল। কিন্তু চীনের রাষ্ট্রপতি ফুটবল ভক্ত। তিনি অনুরোধ জানিয়েছিলেন সম্মেলন যদি কিছুটা পিছিয়ে ওই সময়ই আনা হয় তাহলে তিনিও বিশ্বকাপ ফুটবলের কিছু মুহূর্ত উপভোগ করতে পারবেন।
উল্লেখ্য বিশ্বকাপ ফুটবলকে বিশ্বের দেশগুলির সেতুবন্ধনের মাধ্যম হয়ে উঠুক এই কামনা করে গত সপ্তাহেই বিশ্বকাপের স্মারক ডাকটিকিট প্রকাশ করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারত ছাড়া বিআরআইসিএস-এর বাকি চার দেশ এবারের বিশ্বকাপে খেলছে। এমনকী ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা, এবছর ব্রাজিল, ২০১৮ সালে বিশ্বকাপের আয়োজক রাশিয়া। কিন্তু ভারত এদিক থেকে অনেকটাই পিছিয়ে। ফিফার তালিকায় ভারতের স্থান ১৫৪। ফলে অন্যদেশগুলি আন্তর্জাতিয় সম্পর্ক রক্ষায় এই বিশ্বকাপ উৎসবের এই মহা উৎসবকে কাজে লাগালেও ভারত তা কখনওই পারেনি। কিন্তু ব্রাজিল ভারতকে আমন্ত্রণ জানানোয় সে সুযোগ কিছুটা হলেও উন্মুক্ত হয়েছে।












Click it and Unblock the Notifications