Narendra Modi: তীব্র তাপপ্রবাহে পুড়বে মে-জুন, কীভাবে হবে ভোট? জরুরি বৈঠকে মোদী
গরমের আঁচ অনেকটাই কমেছে রাজ্যে। কিন্তু এই মনোরম আবহাওয়া খুব বেশিদিন নেই। ফের দহনজ্বালা শুরু হবে গোটা দেশে। ফের তাপপ্রবাহে পুড়বে রাজ্য। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী মে এবং জুন মাসে প্রবল তাপপ্রবাহ চলবে গোটা দেশে।
এদিকে জুন মাস পর্যন্ত ভোট। এপ্রিলের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে গোটা দেশে নির্বাচন। সাত দফায় নির্বাচন চলবে। অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হয়ে জুন মাস পর্যন্ত চলবে নির্বাচন প্রক্রিয়া। গোটা তাপপ্রবাহের মধ্যেই ভোটের কাজ করতে হবে। এই পরিস্থিতিতে কীভাবে হবে কাজ তা নিয়ে জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে আগামী ৪৮ ঘণ্টায় ধীরে ধীরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। এবং বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে। ওড়িশার জেলাগুলিতে আগামীকাল থেকেই তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। তার জেরে তাপমাত্রা বাড়তে শুরু করবে রাজ্যেও। অর্থাৎ প্রথম দফার ভোট থেকেই তাপমাত্রা উর্ধ্ব মুখী হবে রাজ্যে।
শুধু পশ্চিমবঙ্গেই নয় তাপপ্রবাহ চলবে গোটা দেশের বিভিন্ন রাজ্য। বিহার-উত্তরপ্রদেশ-রাজস্থান-ঝাড়খণ্ড-অন্ধ্রপ্রদেশ-তেলেঙ্গানা-ওড়িশা সহ দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের দাপট বাড়তে শুরু করবে এপ্রিলের শেষ থেকে। এবং এই পরিস্থিতি বজায় থাকবে একেবারে জুন মাস পর্যন্ত। তারমধ্যেই চলবে দেশের সাধারণ নির্বাচন। কীভাবে হবে প্রচার আর কীভাবে কাজ করবেন ভোটকর্মী থেকে শুরু করে নিরাপত্তারক্ষীরা।
এই পরিস্থিতি মোকাবিলায় তাই জরুরি বৈঠক করলেন প্রধানমন্ত্রী মোদী। তাতে কেন্দ্র এবং রাজ্যের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্য বিভাগকে বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। সব হাসপাতালে যাতে পর্যাপ্ত পরিমানে গ্লুকোজ, ORS, অক্সিজেন মজুত থাকে তা এখন থেকেই খতিয়ে দেখতে বলেছেন মোদী। সেই সঙ্গে প্রতিটি রাজ্য যেন ব্লকে ব্লকে স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও পর্যাপ্ত পরিমাণে ORS মজুত রাখা হয় তার নির্দেশ দিয়েছেন।
শুধু ORS মজুত রাখলেই হবে না সাধারণ মানুষের মধ্যে তাপপ্রবাহ মোকাবিলা করার সচেতনতা প্রচার করার নির্দেশ দিয়েছেন তিনি। সব প্রাদেশিক ভাষায় প্রচার করতে হবে। দুপুর রোদে যাতে কেউ না বেরোন সেদিকে নজর রাখতে হবে। সাধারণ মানুষের মধ্যে গরম মোকাবিলা করার সবরকম সচেতনতা প্রচার করতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications