এনডিএ কীভাবে লোকসভা নির্বাচনে ৪০০-র বেশি আসন পাবে, বিজেপি নেতাদের ফর্মুলা জানালেন প্রধানমন্ত্রী মোদী
লোকসভা নির্বাচনের জন্য বিজেপির প্রস্তুতি সম্পূর্ণই বলা যেতে পারে। মাঝে মধ্যে নিচু তলার নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ জাগিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ অন্য নেতারা। টানা তৃতীয়বারের সরকার গঠন করতে আসন দখলের লক্ষ্যমাত্রাও স্থির করে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। বিজেপির জাতীয় সম্মেলনে এদিন তিনি বলেছেন, এনডিএ-র ৪০০-তে পৌঁছতে হলে বিজেপিকে একাই ৩৭০ পার করতে হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, সামনের একশো দিন দলের কর্মীদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই একশো দিনেই গেরুয়া শিবিরের টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার সময়। বিজেপির জন্য ৩৭০ আর এনডিএ-র জন্য চারশো আসন জয়ের পরিকল্পনাও এদিন তুলে ধরেছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী মোদী এদিন গত ১০ বছরে সরকারের ভাল কাজগুলিতে তুলে ধরে নেতাদের উৎসাহিত করার চেষ্টা করেন। মোদী বলেছেন, তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি লালকেল্লা থেকে টয়লেটের ইস্যু তুলেছিলেন। ৩৭০ ধারা অবলুপ্তির কথা উল্লেখ করে তিনি বিজেপি কয়েক দশকের অমীমাংসিত কাজগুলি সমাধান করার সাহস দেখিয়েছে। অযোধ্যায় রাম মন্দির তৈরি করে বিজেপি পাঁচ শতাব্দীর অপেক্ষার অবসান ঘটিয়েছে।
তিনি বলেছেন, দলের কর্মীদের প্রত্যেক নতুন ভোটারের সঙ্গে দেখা করতে হবে। তাঁদের আস্থা অর্জন করতে হবে। তিনি বলেছেন, আগামী একশো দিনে দলের কর্মীরা প্রতিটি অঞ্চল এবং সম্প্রদায়ের মানুষের সঙ্গে দেখা করে তাঁদের আস্থা অর্জন করবেন। তিনি এদিন জনগণের আস্থা অর্জনে দলের কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ওপরে জোর দিয়েছেন।
তিনি বলেছেন, সবাই মিলে চেষ্টা করলে বিজেপি আজ পর্যন্ত সব থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দেশের সেবা করতে পারবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, রাজীব গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস ১৯৮৪ সালে এখনও পর্যন্ত সব থেকে বেশি ৫৪৩ টি আসনের মধ্যে ৪১৫ টি আসন দখল করতে পেরেছিল। সেই বছরে কংগ্রেস পেয়েছিল ৪৯.০১ শতাংশ ভোট। স্বাধীনতার পরে সব থেকে বেশি আসন জয় করে কোনও দলের সরকার সেই বছরেই গঠিত হয়েছিল।
তবে সব থেকে বেশি আসন জয়ের পরবর্তী নির্বাচন অর্থাৎ ১৯৮৯ সালে বিরোধী আসনে বসে কংগ্রেস। পরে ১৯৯১ সালে নিজের জোরে ক্ষমতায় আসে কংগ্রেস। তারপর ২০০৪ এবং ২০০৯ সালে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি হয়। তার পরবর্তী দুইবারের ভোটে কংগ্রেসকে বিরোধী আসনে থাকতে হয়েছে।












Click it and Unblock the Notifications