PM Modi in Lok Sabha: "মিথ্যে স্লোগান নয়, কাজে করে দেখিয়েছি," জবাবি ভাষণের ছত্রে ছত্রে বিরোধীদের নিশানা মোদীর
PM Modi in Lok Sabha: বাজেট অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপনে এদিন লোকসভায় জবাবি ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে ১৪ তম জবাবি ভাষণে সংসদে মোদী। দেশবাসীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে মোদী বলেন, রাষ্ট্রপতির ভাষণ বিকশিত ভারতের পথ আরও সুগম করবে। পাশাপাশি ভাষণের ছত্রে ছত্রে বিরোধীদের নিশানা করতেও ছাড়লেন না প্রধানমন্ত্রী।
প্রায় এক দশক পুরোনো 'গরিবি হঠাও' স্লোগান নিয়ে এদিন কংগ্রেসকে নিশানা করেন মোদী। বিজেপির জমানায় ২৫ কোটি ভারতীয় দারিদ্র্য থেকে মুক্তি পেয়েছেন বলে দাবি করেন মোদী। আর তাই ওই স্লোগান ফিকে হয়ে গিয়েছে বলে দাবি মোদীর। প্রধানমন্ত্রী বলেন, "আমরা মিথ্যে মিথ্যে গরিবি হঠাও স্লোগান দিইনি। বরং মানুষের সত্যিকারের উন্নয়ন করেছি।"

রাষ্ট্রপতিকে অপমান বিতর্কে রাহুল গান্ধীকে একহাত নিলেন নরেন্দ্র মোদী। বাজেট অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণ 'বোরিং' (ক্লান্তিকর) বলে কটাক্ষ করেন রাহুল গান্ধী। সংসদে মোদী বলেন, "গরিবের কুঁড়ে ঘরে যারা শুধু ছবি তুলতে যান, নিজেদের বিনোদনের জন্য শুধু ফোটো সেশন করতে যান, সংসদে দরিদ্রদের নিয়ে ভাষণ তাদের বিরক্তিকরই লাগবে।"
রাত পোহালেই দিল্লিতে বিধানসভা নির্বাচন (Delhi Assembly Election 2025)। নাম না করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকেও (Arvind Kejriwal) এদিন সংসদে দাঁড়িয়ে আক্রমণ শানালেন মোদী (Narendra Modi)।
মোদী বলেন, "আমাদের লক্ষ্য ঘরে ঘরে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া। কারও কারও লক্ষ্য থাকে আবার জাকুজি ও আধুনিক শাওয়ার বানানো। গরিবের টাকা খরচ করে শিস মহল বানানো।" বিজেপির জমানায় ১২ কোটি পরিবার ঘরে ঘরে জলের সংযোগ পেয়েছে বলে জানান মোদী।
দুর্নীতি ইস্যুতে পূর্বতন সরকারের তীব্র বিরোধিতা করে মোদী বলেন, "আগে তো পঞ্চায়েত থেকে সংসদ, একটা দলেরই শাসন কায়েম ছিল। তাহলে সব টাকা গেল কোথায়? আগে ১০ কোটি ভুয়ো গ্রাহকের কাছে সরকারের বিভিন্ন প্রকল্পের টাকা চলে যেত। আমরা তাদের তালিকা থেকে সরিয়েছি। যার জেরে ৩ লক্ষ কোটির ক্ষতি আটকানো সম্ভব হয়েছে।"
তাঁর সরকারের আমলে ৪০ লক্ষ কোটি মানুষ সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা পান বলে উল্লেখ করেন মোদী। কৃষকদের প্রতি তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ উল্লেখ করে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের তীব্র সমালোচনা করেন নরেন্দ্র মোদী।
মোদীর কথায়, "আগে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার দুর্নীতির খবর ছেয়ে থাকত সংবাদপত্রে। কিন্তু গত ১০ বছরে কোনও দুর্নীতিই হয়নি। যা টাকা সঞ্চয় হয়েছে, সবই গরিবদের উন্নয়নে খরচ করা হয়েছে।"












Click it and Unblock the Notifications