ভয়ঙ্কর বন্যায় বিপর্যস্ত পাঞ্জাব, মঙ্গলে কবলিত এলাকায় যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী
আগামী মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের বন্যা-বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাবেন। রাজ্যের ভয়াবহতম বন্যায় ক্ষতিগ্রস্ত জনতা ও কৃষকদের সঙ্গে দেখা করতে এবং ত্রাণ কার্যক্রমের তদারকি করতে প্রধানমন্ত্রীর এই সফর।
বিজেপি পাঞ্জাবের এক্স হ্যান্ডেলে এই সফরের কথা ঘোষণা করে জানিয়েছে, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ সেপ্টেম্বর পাঞ্জাবের গুরুদাসপুরে আসছেন। তিনি সরাসরি বন্যা-আক্রান্ত ভাই-বোন ও কৃষকদের সঙ্গে দেখা করবেন এবং ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য সম্ভাব্য সকল পদক্ষেপ নেবেন।"

বিজেপি পাঞ্জাবের সভাপতি সুনীল জাকারও পাঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি এক্স-এ এক পোস্টে জানান, প্রধানমন্ত্রী মোদী পাঞ্জাবের বন্যা পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছেন।
কেন্দ্র ইতিমধ্যেই পরিস্থিতি মূল্যায়নের জন্য পদক্ষেপ নিয়েছে বলে জাকার উল্লেখ করেছেন। এর আগে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ চৌহানকে পাঞ্জাবে পাঠানো হয়েছিল বন্যা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য। এছাড়া, দুটি কেন্দ্রীয় সরকারি দল রাজ্য পরিদর্শন করেছে এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করছে।
ত্রাণ ও পুনর্বাসনের কাজ কেন্দ্র ও রাজ্য সরকারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সম্পন্ন করা হবে। এই সফরে প্রধানমন্ত্রী শতদ্রু, বিতস্তা, ইরাবতী এবং ঘাগার নদীর বাঁধগুলো শক্তিশালী করার ওপর জোর দিতে পারেন। অবৈধ খনন ও রক্ষণাবেক্ষণের অভাবে বহু বছর ধরে এই বাঁধগুলি দুর্বল হয়ে পড়েছে।
প্রসঙ্গত, অবিরাম বর্ষণে পাঞ্জাব ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৩টি জেলার ১৯০০টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, কমপক্ষে ৪৩ জন মারা গিয়েছেন এবং প্রায় ১.৭১ লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।
ওদিকে উত্তরের রাজ্য হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর ও উত্তরাখণ্ডও প্রবল বৃষ্টি, হড়পা বান, মেঘভাঙা বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত। সেদিকেও কেন্দ্র সমান দৃষ্টি দিয়ে বিপর্যয় মোকাবিলার প্রচেষ্টা করে চলেছে।












Click it and Unblock the Notifications