রেড ফোর্টে মোদী, রেড রোডে মমতা! নেতাজির জন্মজয়ন্তীতে কখন কোথায় অনুষ্ঠান?
Parakram Diwas Celebrations: নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে দেশজুড়ে। ২০২১ সালে এই দিনটিকে পরাক্রম দিবস হিসেবে চিহ্নিত করেছে মোদী সরকার।
কাল লালকেল্লায় হবে পরাক্রম দিবসের অনুষ্ঠান। তার আগে প্রথা মেনে নেতাজির জন্মজয়ন্তীর সরকারি অনুষ্ঠানটি হবে কলকাতার রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশে।

আজ অযোধ্য়ায় রাম মন্দির উদ্বোধনে রামলালার প্রাণ প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন প্রধান যজমান। প্রাণ প্রতিষ্ঠা পর্বের শেষে তিনি উপবাস ভঙ্গ করেন। এরপর সন্ধ্যায় ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সূর্যোদয় যোজনা। এরই মধ্যে নেতাজি জন্মজয়ন্তী উদযাপনেও এবার বড় চমক দিলেন মোদী।
পরাক্রম দিবসের মূল অনুষ্ঠানটি এবার হবে লালকেল্লায়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু সেই অনুষ্ঠান। লোকসভা নির্বাচনের আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলেন সেদিকে তাকিয়ে সকলেই। তবে যেভাবে রেড ফোর্টে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হলো তা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।
ইতিহাসের সঙ্গে সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েই এবারের অনুষ্ঠানের আয়োজন। দেশনায়ককে সম্মান জানাতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজ সংক্রান্ত নানা তথ্য সমন্বিত প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। যেখানে থাকবে অনেক দুষ্প্রাপ্য ছবি ও তথ্যের সম্ভার। ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
এই অনুষ্ঠান থেকেই নরেন্দ্র মোদী ভারত পর্বের সূচনা করবেন। ২৩ জানুয়ারি থেকে সেটিও চলবে জানুয়ারির ৩১ তারিখ পর্যন্ত। প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো থেকে শুরু করে নানা সাংস্কৃতিক বৈচিত্র্য উপস্থাপিত হবে এই প্রদর্শনীতে। যা চলবে রামলীলা ময়দান এবং লালকেল্লার সামনে মাধব দাস পার্কে। কেন্দ্রীয় সরকারের ২৬টি মন্ত্রক নাগরিক পরিষেবা, ভোকাল ফল লোকাল, পর্যটন সংক্রান্ত নানা বিষয় থাকবে এই প্রদর্শনীতে।
উল্লেখ্য, ২০২২ সালের পরাক্রম দিবসে ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উন্মোচন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রেড ফোর্টে যখন নেতাজির জন্মজয়ন্তী উদযাপন করে চমক দিলেন মোদী, তখন রাজ্য সরকার প্রথা মেনে রেড রোডে নেতাজি মূর্তির পাদদেশেই অনুষ্ঠানের আয়োজন করেছে। বেলা ১২টা নাগাদ সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।












Click it and Unblock the Notifications