Narendra Modi: "সময় কম, লক্ষ্য অনেক," পহেলগাঁও আবহে ইঙ্গিতপূর্ণ বার্তা মোদীর; বুধে ম্যারাথন বৈঠক
Narendra Modi: পহেলগাঁও জঙ্গি হামলার পর কেটে গিয়েছে এক সপ্তাহ। এখনও অধরা জঙ্গিরা। প্রতিশোধের আগুনে ফুঁসছে গোটা দেশ। এমতাবস্থায় ফের বুধবার একাধিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধে ফের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদী। তার আগে মঙ্গলবার ভারত মণ্ডপমে এক অনুষ্ঠানে ইঙ্গিতপূর্ণ বার্তাও রাখলেন মোদী।
মঙ্গলবার নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে YUGM ইনোভেশন কনক্লেভের অনুষ্ঠানে সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে এআই, বায়ো টেকনোলজি সংক্রান্ত বক্তৃতার মাঝেই মোদী বলেন, "আমাদের হাতে সময় কম, কিন্তু লক্ষ্য অনেক।" বলে কিছুক্ষণ থেমে থাকেন মোদী। পরক্ষণেই বলেন, "বর্তমান পরিস্থিতি নিয়ে একথা বলছি না।" আর তাতেই ওয়াকিবহাল মহলের মত, আরও একবার বার্তা স্পষ্ট করে দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী।

পহেলগাঁও ইস্যুতে বুধবার সকাল ১১টায় দ্বিতীয়বার বৈঠকে বসতে চলেছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ নীতিনির্ধারক কমিটির ফের বৈঠক হতে চলেছে। উক্ত বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বলে খবর। এর আগে সিসিএসের প্রথম দফার বৈঠকের পরই পাকিস্তানের উপর কূটনৈতিক স্ট্রাইক করে ভারত। বিদেশমন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করে পাকিস্তানের বিরুদ্ধে নেওয়া একাধিক কূটনৈতিক পদক্ষেপ ঘোষণা করা হয়।
বুধবার সিসিএস বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি (সিসিপিএ) বৈঠকে বসবে। মোদীর পৌরহিত্যেই হবে বৈঠক। প্রধানমন্ত্রী ছাড়াও সেই বৈঠকে থাকবেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়কড়ি, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ও অন্যান্য বরিষ্ঠ মন্ত্রীরা। সিসিপিএ-র বৈঠকের পর বৈঠকে বসবে কেন্দ্রীয় মন্ত্রিসভা আর্থিক বিষয়ক কমিটি। এরপর গোটা মন্ত্রিসভার বৈঠক হতে পারে বলে সূত্রের খবর।
গত বৃহস্পতিবার শেষ বৈঠকে বসেছিল সিসিএস। তারপরই গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বাহিনীকে সতর্ক করা হয়। দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও বাড়তি সতর্কতা জারি হয়। ওই বৈঠকের পরই পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় ভারত। সার্ক ভিসা সাসপেন্ড করা থেকে ওয়াঘা আটারি সীমান্ত বন্ধ করে দেওয়ায় পাকিস্তানের সঙ্গে কার্যত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে ভারত।
প্রসঙ্গত, এদিনের YUGM ইনোভেশন কনক্লেভে এক্যৈর উপরই শান দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইআইটি কানপুর ও আইআইটি বম্বের সঙ্গে মৌ স্বাক্ষর করা হয়। উন্নত ভারতের অভিযাত্রীরা যাতে ঐক্যবদ্ধ থাকেন, সেই বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications