বিভাজনের মাধ্যমে দুর্নীতিগ্রস্ত কংগ্রেসের বিপজ্জনক খেলা! আকোলা থেকে সতর্ক করলেন মোদী
Maharashtra Assembly Election 2024: মহারাষ্ট্রের আকোলায় নির্বাচনী জনসভা থেকে কংগ্রেসকে দুর্নীতি ও বিভাজনের রাজনীতির প্রশ্নে বিঁধলেন নরেন্দ্র মোদী। ফের দিলেন এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগান।
মোদী মনে করিয়ে দেন, আজকের দিনে, ২০১৯ সালের ৯ নভেম্বর সুপ্রিম কোর্ট রায় মন্দির নিয়ে রায় দিয়েছিল। ফলে এই দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করে মোদী বলেন, সুপ্রিম কোর্টের রায়ের পর সব ধর্মের মানুষ সংবেদনশীলতা দেখিয়েছিলেন।

মোদীর কথায়, নেশন ফার্স্ট, অর্থাৎ দেশই সবার আগে, এই অনুভঊতিই ভারতের বড় শক্তি। মোদী বলেন, প্রধানমন্ত্রী হিসেবে দুই মেয়াদের কার্যকালে আমি চার কোটি পাকা বাড়ি দিতে পেরেছি। ২০ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে মহায়ুতির হয়ে আশীর্বাদ চাইতেই এসেছি। বিদর্ভের মানুষের বিশেষ আশীর্বাদ আমি বরাবর উপভোগ করে থাকি।
মোদী কংগ্রেস ও গান্ধী পরিবারকে কটাক্ষ করে বলেন, যেখানেই কংগ্রেস সরকার গড়েছে তা শাহী পরিবারের এটিএমে পরিণত হয়েছে। মহারাষ্ট্রে তা হতে দেওয়া যায় না। আমি কংগ্রেসের শাহী পরিবারকে চ্যালেঞ্জ করে জানতে চাই, তাদের কেউ ড. বাবাসাহেব আম্বেদকরের পঞ্চতীর্থে গিয়েছিলেন কিনা।
উল্লেখ্য, পঞ্চতীর্থ হিসেবে মোদী বোঝাতে চেয়েছেন আম্বেদকরের মহোও, লন্ডনে যেখানে তিনি থাকতেন, নাগপুরের দীক্ষাভূমি যেখানে তিনি বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন, দিল্লিতে মহাপরিনির্বাণ স্থল ও মুম্বইয়ে চৈত্যভূমি। এক হ্যায় তো সেফ হ্যায় স্লোগান অনুসরণ করে হরিয়ানার মতো মহারাষ্ট্রেও কংগ্রেসের ষড়যন্ত্র বিনাশের ডাক দেন মোদী।
মোদী বলেন, কংগ্রেস জানে যে তারা শক্তিশালী হবে একমাত্র দেশ দুর্বল হলে। তারা এক জাতির মানুষের সঙ্গে অন্যদের বিবাদ লাগিয়ে দিতে চায়। মহারাষ্ট্রের মহা বিকাশ আঘাড়ি মানেই দুর্নীতি, কোটি কোটি টাকার কেলেঙ্কারি। মোদীর কথায়, ২০১৪ থেকে ২০২৪ অবধি মহারাষ্ট্রের মানুষ বিজেপিকে হৃদয় উজাড় করে সমর্থন দিয়েছেন। তার কারণ, দেশাত্মবোধ, রাজনৈতিক সচেতনতা ও রাজ্যের জন্য মানুষের ভিশন।
আকোলার জনসভা থেকে মোদী বলেন, কংগ্রেস কখনও চায় না এসসি-এসটি এবং ওবিসি একজোট থাকুক। নানারকম খেলার মাধ্যমে তাদের মধ্যে লড়াই বাঁধাতে চায়। কংগ্রেসের বিশ্বাস, এভাবেই সম্প্রদায়ের মতামত আলাদা করে রাখলে ভোটও ভাগ হবে। আর তাতেই কংগ্রেস সরকার গঠনের পথ সুগম হবে।
জাতপাত নিয়ে বিভাজন জারি রাখলে তা যে কংগ্রেসেরই সুবিধা করে দেবে সে বিষয়েও ভোটারদের সচেতন করে মোদী বলেন, এসসি সম্প্রদায়কে দুর্বল করাই কংগ্রেস সরকার গঠনের লক্ষ্য। কংগ্রেসের বিপজ্জনক খেলা থেকে সতর্ক থাকতে হবে। কংগ্রেস চায় জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা ফেরাতে। সেটা কখনও হবে না। বিচ্ছিন্নতাবাদী, জঙ্গি, দেশবিরোধীরাই ৩৭০ ধারাকে সমর্থন করে। কংগ্রেসও সেটাই করছে।












Click it and Unblock the Notifications